সুতায় গাঁথা স্বপ্নগুলো
ঢাকা শহরের আর দশটি বাচ্চার মতো মা-বাবার মিষ্টি ডাকে ঘুম ভাঙে না সাবিনা ইয়াসমিনের। কখনো শোনেনি, ‘সাবিনা, ওঠো, স্কুলের সময় হয়ে যাচ্ছে।’ তবে সকালের সূর্যি মামা জেগে ওঠার আগেই তাকে ঘুম উধাও করে দৌড়াতে হয় ফুলের সন্ধানে। শ খানেক টাকার তাজা ফুল কিনে নিয়ে ফিরে আসে। মা আর বোনের সঙ্গে মিলে সেই ফুলে মালা গেঁথে বেরিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমাথা-ওমাথা। কিছু বিক্রি হলে তবেই জোটে সকালের খাবার। আর সারা দিনের বিক্রির টাকায় কেনা হয় চাল, ডাল। মা, বোন আর ছোট এক ভাইকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এক পাশে থাকে সাবিনা। ছোট ভাইটার জন্মের পর, পাঁচ বছর আগে বাবা আরেকটা বিয়ে করে অন্যত্র চলে গেছেন। ‘বাজান যাওনের বেলা আমি কানছিলাম। তাও বাজান আমারে কোলে নেয় নাই। তাই হ্যারে আর কোনো দিন দ্যাকতে মন চায় নাই। বাজানের চোক দুইডা খালি মনের বিতরে বাসে।’ বাবা সম্পর্কে এটুকুই বলছিল সাবিনা। পড়াশোনার প্রতি বেশ আগ্রহ সাবিনার। আর তাই সপ্তাহে তিন দিন নিয়ম করে উদ্যানের লালন চত্বরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পড়তে যায়। ঘামঝরা মুখে মুক্তোর মতো দাতগুলো বের করে বলে ওঠে, ‘আমি অহন আমার নাম লেকতে পারি, ৬-এর গরের নামতাও শিকছি। ক, খ এবং A, B, C, D সব মুখস্থ আমার। অহন ইচ্ছা আছে বড় কেলাসে পইড়া মাস্টার হওনের।’ রোজ রোজ ফুল বেচতে ভালো লাগে না সাবিনার। উদ্যানের ভেজা মাটিতে পলিথিনে মোড়ানো তাঁবুতে আর থাকতে ভালো লাগে না। বৃষ্টির দিনে তো এখন তাদের বসে বসেও রাত কেটে যায় অনেক সময়। তাই নিজে শিক্ষক হয়ে বেতনের টাকায় কামরাঙ্গীরচরে মাকে একটা ঘর তুলে দেওয়ার খুব ইচ্ছে করে সাবিনার সব সময়। কথা বলতে বলতে সাবিনা তাদের থাকার জায়গা দেখাতে নিয়ে যায়। ছোট দুটি বাজারের ব্যাগে ভরে রাখে নিজেদের কাপড়সহ প্রয়োজনীয় সব। তিনটি ইটের তৈরি চুলায় রান্না হয় প্রতিদিনকার খাবার। কখনো বা হয় না। সাবিনার মা রাবেয়া বেগম বলেন, ‘বিক্রমপুরে নিজের বাড়ি বেইচা টেকা দিছিলাম হ্যার (সাবিনার) বাপেরে। ট্যাকা পাইয়া হ্যায় আবার বিয়া কইরা চইলা গেছে। বড় মাইয়াডার বিয়া দিছি। অহন চিন্তা সাবিনারে লইয়া। সাবিনার বয়স অহন ১২। তয় হ্যার লেহাফড়া করার ইচ্চা। কিন্তু ফড়ামু কেমনে। তিন বেলা খাওনই দিতে পারি না।’ বলতে বলতে হঠাৎ বৃষ্টি। দৌড়ে গেলাম উদ্যানের এক ছাউনির নিচে। আর সাবিনা তার স্বপ্নগুলোর কিছু সুতায় গেঁথে আর কিছু ছোট বালতিতে ভরে বেরিয়ে গেল বিক্রির আশায়। হঠাৎ আসা বৃষ্টিও দমিয়ে রাখতে পারে না সাবিনাকে। ঠিকমতো বিক্রি না হলে যে খাওয়া হবে না রাতে।