সুতিনাককাটি সেতুর কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার পাহাড়পুরে সুতিনাককাটি খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ না হওয়ায় লোকজনকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে কাজ শেষ করার সময়ও অতিবাহিত হয়ে গেছে। লোকজন এ অবস্থায় বাঁশের সেতু তৈরি করে তা দিয়ে পারাপার হচ্ছে। এতে করে দুর্ভোগের পাশাপাশি আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন লোকজন। তবে কর্তৃপক্ষ কাজের মেয়াদ প্রথম দফা শেষ হওয়ার কথা স্বীকার করে বলেছে, বর্ষার কারণে কাজ করা যায়নি। খালের নিচের পানি শুকিয়ে গেলেই কাজ শুরু করা হবে।উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্র জানায়, সুতিনাককাটি খালের ওপর চলতি বছরের ২৫ মার্চ ৭০ লাখ টাকা ব্যয়ে সেতুর নির্মাণকাজ শুরু হয়। এর আগে সেখানে অবস্থিত ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে ফেলা হয়। কিন্তু ঠিকাদারের নির্মাণকাজ ২২ জুলাইয়ের মধ্যে শেষ করার কথা থাকলেও তা করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান এএস কনস্ট্রাকশন। ঝুঁকিপূর্ণ সেতুটি ভাঙার আগে ঠিকাদার একটি বিকল্প রাস্তা করে দেন। কিন্তু বর্তমানে খালের ভেতর বন্যার পানি প্রবেশ করে বিকল্প রাস্তাটিও ডুবে গেছে। এ অবস্থায় কাজ রেখেই চলে গেছেন ঠিকাদার। এ কারণে লোকজনের চলাচলে আরও সমস্যা হয়। এ অবস্থায় ভবানীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ সেতুর ওই স্থান পারাপারের জন্য পাঁচ হাজার টাকায় পৌর কৃষক লীগের সভাপতিকে ইজারা দেয়। ইজারাদার কৃষক লীগের সভাপতিসহ এলাকার আরও ৩০ জন ব্যক্তি মিলে সেখানে বাঁশের সাঁকো তৈরি করেন। তাঁরা ওই সেতুর ওপর দিয়ে চলাচলকারী লোকজনের কাছ থেকে নির্দিষ্ট হারে টাকা আদায় করছেন। উত্তর একডালা গ্রামের বাসিন্দা কলেজশিক্ষক জিয়াউদ্দিন টিপু জানান, সেতুর কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হওয়ায় তাঁর এলাকার লোকজন বাঁশের সেতু বানিয়ে চলাচল করছে। প্রতিদিন ১০ হাজার লোকজন এই সেতুর ওপর দিয়ে চলাচল করে থাকে বলে জানিয়েছেন বাঁশের সাঁকোর টোল আদায়কারী আবুল কাশেম। সরেজমিনে গিয়ে সেতু দিয়ে লোকজনকে কষ্ট করে চলাচল করতে দেখা যায়। এসব লোকজনের কাছ থেকে টাকা নিতেও দেখা যায়। আদায়কারী আবুল কাশেম জানান, তাঁরা এই সেতুর ওপর দিয়ে চলাচলকারী লোকজনের কাছ থেকে দুই টাকা, খালি ভ্যান ও মোটরসাইকেলের কাছ থেকে পাঁচ টাকা এবং বাইসাইকেলের কাছ থেকে তিন টাকা নিয়ে থাকেন।সেতু দিয়ে চলাচলকারী দ্বীপপুরে সোবহান জানান, সেতুর কাজ শেষ না হওয়ায় তাঁদের চলাচল করতে সমস্যা হচ্ছে। তাঁরা কোনো রকমে চলাচল করতে পারলেও মালামাল বহন করতে পারছেন না। হাসানপুরের বাসিন্দা আবদুল জব্বার জানান, সেতুর কাজ শেষ না হওয়ায় তাঁদের কষ্ট করতে হচ্ছে। এ ছাড়া তাঁদের টাকা দিয়ে পারাপার হতে হয়। তিনি অভিয়োগ করেন, এ জন্য তাঁদের মাঝেমধ্যে নাজেহালও হতে হয়। এখানে পৌরসভা কিংবা উপজেলা পরিষদ তাদের খরচে বাঁশের সেতু বানালে তাদের আর টাকা দিয়ে পারাপার হতে হতো না।ইজারাদার আমজাদ হোসেন জানান, তিনিসহ এলাকার লোকজন এটা পৌরসভার কাছ থেকে এক বছরের জন্য ইজারা নিয়েছেন। তাঁরা বাঁশের সেতু তৈরি করে লোকজনকে পারাপার করছেন। তিনি দাবি করেন, তাঁরা এ ব্যবস্থা না করলে লোকজনকে আরও বেশি কষ্ট করতে হতো।ভবানীগঞ্জ পৌর মেয়র খোদা বক্স প্রামাণিক জানান, তিনি পারাপারের সময় তাঁর এলাকার লোকজনের কাছ থেকে কোনো টাকা নিতে ইজারাদারকে বারণ করেছেন।ঠিকাদারি প্রতিষ্ঠান এএস কনস্ট্রাকশনের আবদুল খালেক জানান, কাজ শেষের জন্য তাঁদের যে সময় দেওয়া হয়েছে তা যথেষ্ট ছিল না। তা ছাড়া খালে পানি আসাতেও কাজ শেষ করতে সমস্যা হয়। পানি শুকিয়ে গেলেই কাজ শুরু করা হবে।উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মিজানুর রহমান জানান, পানি আসায় সেতুর কাজ শেষ করা সম্ভব হয়নি। ঠিকাদার কাজ শেষের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছেন। তিনি আশা করছেন, এ বছরের মধ্যেই কাজ শেষ করতে পারবেন। তবে লোকজনের চলাচলে সাময়িক কষ্ট হচ্ছে বলে স্বীকার করেন প্রকৌশলী। কাজের তদারককারী কর্মকর্তা বাগমারা এলজিইডি দপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রদীপ কুমার সিংহ জানান, বিকল্প রাস্তা তৈরির বরাদ্দ না থাকলেও তাঁরা তা নির্মাণ করেছিলেন। পানিতে ডুবে যাওয়ায় তা আর করা সম্ভব হয়নি।