সুতোর জাল ছিঁড়ে ঋণের জালে...
‘ভগবানের দুনিয়ায় জমির অভাব নেই। কিন্তু সব জমি এসে শেষ হয়ে গেছে যেন জেলেপাড়ায়।’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝির এই উক্তি বগুড়ার শিবগঞ্জ উপজেলার জেলে সমপ্রদায়ের ক্ষেত্রে অর্ধশতাধিক বছর পরও সমানভাবে প্রযোজ্য। এ উপজেলার ৩১টি গ্রামের প্রায় সাড়ে ছয় হাজার মৎস্যজীবী পৈতৃক পেশা রক্ষার শেষ চেষ্টা করতে গিয়ে পরিবারপরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। জাত পেশায় তাদের অন্ন জোটে না। অস্তিত্ব টিকিয়ে রাখতে পাড়ি জমাচ্ছেন অচেনা শহরে-বন্দরে।একসময় এ উপজেলার নদী ও খাল-বিলগুলোতে ছিল অথৈ পানি। ছিল পর্যাপ্ত পরিমাণ মাছ। সেই মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত এসব মানুষ। ছোট ছোট নৌকায় বিচরণ ছিল তাদের। বিভিন্ন ধরনের জাল দিয়ে দিনরাত মাছ ধরত তারা। তখন মাছের দাম কম থাকলেও মাছ মিলত প্রচুর। গ্রামের জোতদাররা ধান-গম দিয়ে মাছ নিত। সেসব ফসল জমানো হতো। আর তা হাটবাজারে বিক্রি করে জেলেদের সংসার চলত ভালোভাবেই। তখন এসব জেলেপাড়ায় নিয়মিত গানের আসর বসত। তাদের সুদিন এখন আর নেই। বদলে গেছে সব। সেসব সোনাঝরা দিনের স্মৃতি এখন কেবলই তাদের কষ্ট দেয়। এখন তাদের একমাত্র চিন্তা দুই বেলা দুই মুঠো অন্ন জোগানোর।একসময় যে বিলে ছিল তাদের অবাধ বিচরণ, সে বিল থেকে তারা এখন হয়েছে বিতাড়িত। উপজেলার সমস্ত নদী, খাল-বিল ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে। সঙ্কুুচিত হয়েছে মাছ শিকারের ক্ষেত্র। এখন বছরের এক মাসও পানি থাকে না এসব নদী-খাল-বিলে। এ ছাড়া সমপ্রতি মাছ ধরার সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় এসব মানুষের পক্ষে আদি পেশায় টিকে থাকা দুরূহ হয়ে পড়েছে। অনেকে পেটের তাগিদে পেশা ছেড়ে দিনমজুর খাটছে অন্যের বাড়িতে। কেউ রাজমিস্ত্রি ও কাঠমিস্ত্রির জোগানদার হিসেবে অথবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে। অনেকেই বাধ্য হয়ে বেছে নিচ্ছে ভিক্ষাবৃত্তি। জেলেপাড়ায় জাল নেই, নৌকা নেই, মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে এখন তারা ঋণের জালে বন্দি হয়ে পড়েছেছে। অভাব আর অভাবে জর্জরিত অধিকাংশ জেলে পরিবার নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে।খোঁজ নিয়ে জানা যায়, সংখ্যালঘু সমপ্রদায়ের জেলেপল্লিতে বসবাসরত বেশির ভাগ জেলেই অশিক্ষিত। অনেকের পরিবারও বেশ বড়। কথা হয় উপজেলার বানাইল জেলে পল্লির বৃদ্ধ অরুণাকান্ত দাসের সঙ্গে। তিনি জানান, একসময় খাল-বিল ভরা পানি ছিল, মাছও পাওয়া যেত প্রচুর। তিনি মুক্ত জলাশয়ে মাছ শিকার করেই আট সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করে এসেছেন। এখন ছেলেরা বড় হয়েছে তারাই সংসার চালায়। কিন্তু কালের আবর্তে তাদের মাছ ধরা পেশায় ভাটা পড়েছে। কারণ কোথাও পর্যাপ্ত পানি নেই, মাছও নেই। খাল-বিলে এখন ধান চাষ হয়। অনেক বিত্তশালী নিজেদের বিল বা নিচু জমিতে অগভীর পুকুর কেটে মাছ চাষ শুরু করেছে। একই পল্লির পরিতোষ কুমার জানান, সংসার চালাতে দীর্ঘদিন ধরেই তাঁদের হিমশিম খেতে হচ্ছে। বাচ্চাদের লেখাপড়ার চিন্তা মাথায় আসার আগেই অন্ন-বস্ত্র, চিকিৎসার জন্য এনজিওদের কাছ থেকে ঋণ নিতে হয়। সাপ্তাহিক কিস্তির টাকা জোগার করতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। উপজেলার বেশির ভাগ জেলেপল্লিতেই জায়গার সংকটে ঝুঁপড়ি ঘরগুলো বস্তির আকার ধারণ করেছে। কোনোমতে দোচালা ও ছাপড়া ঘরে বসবাসরত শচীন কুমার জানান, ঝড়-বৃষ্টিতে ভিজে ছেলেমেয়ে নিয়ে এভাবে ৩৫ বছর সংসার করছেন তিনি। এখানে জোতদার মহাজন মাঝি নেই। কারও কারও জালই নেই। আবার কেউ কেউ আজকাল ভ্যান-রিকশা চালায়। কামলা খাটে। অনেকে আবার অন্য পেশায় জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে।