সুতোয় দুলছে ইংল্যান্ডের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিতলে দেবতা, হেরে গেলেই পাপী! ব্রিটিশ মিডিয়াও যে ব্যতিক্রম নয়, সেটি ভালোই টের পাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল।ভারতের ৩৩৮ রান তাড়া করে ম্যাচ টাই করার পর অ্যান্ড্রু স্ট্রাউসদের প্রশংসায় ভাসিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। আইরিশদের কাছে পরাজয়ের পর নিন্দার কাঁটায় বিদ্ধ তাঁরা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই কাঁটা সরিয়েছিল ইংল্যান্ড। পরশু বাংলাদেশের কাছে হেরে যাওয়ার পর আবার হাহাকার উঠেছে ইংল্যান্ড-জুড়ে।‘বিধ্বস্ত, তীব্র আঘাত, হুড়মুড় পতন’—ইংল্যান্ডের ট্যাবলয়েডদ্য সান বাংলাদেশের কাছে ইংল্যান্ডের পরাজয়টাকে গেঁথেছে এই পাঁচটি শব্দে। এই শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, ‘অ্যান্ড্রু স্ট্রাউস এবং তাঁর সতীর্থরা আবার চরম লজ্জা পেল।’ দ্য গার্ডিয়ান লিখেছে, ‘ইংল্যান্ডের অবস্থা এখন পাহাড় থেকে গড়িয়ে পড়া কোনো মানুষের মতো। কখনো পা, কখনো মাথা গিয়ে মাটিতে ঠোক্কর লাগার মতো।’গার্ডিয়ানেরই আরেক প্রতিবেদনে উঠে এসেছে এই বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচগুলো সব রোমাঞ্চকর হওয়ার ব্যাপারটি। ‘আরেকবার নাটক জমিয়ে বাংলাদেশের কাছে ২ উইকেটে হারল ইংল্যান্ড’—এই শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, ‘নৈরাশ্যবাদী ইংলিশ ক্রিকেটাররা পুরো জাতিকেই লজ্জা দিল। আর বাংলাদেশ তুলে নিল বিখ্যাত এক জয়।’একটি আক্ষেপ ঘোচানোর প্রস্তুতি নিয়েই এবারের বিশ্বকাপে এসেছে ইংল্যান্ড। ক্রিকেটের পিতৃভূমি ইংল্যান্ড এখনো কোনো বিশ্বকাপ জেতেনি, এই আক্ষেপ দূর করতে এসে স্ট্রাউসরা মনে হয় ব্রিটিশদের ঘা আরও দগদগেই করে দিল। ডেইলি মেল ধরেই নিয়েছে এবার হয়তো আর হচ্ছে না ব্রিটিশদের স্বপ্ন পূরণ। ‘আহ্, না! বাংলাদেশের কাছে হেরে ইংল্যান্ডের বিশ্বকাপ-স্বপ্ন সুতোর ওপর দুলছে’—ডেইলি মেলের এই শিরোনামের প্রতিবেদন যেমন প্রকাশ করেছে ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালে ওঠার শঙ্কা, তেমনি রাস্তাও দিয়েছে বাতলে, ‘বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে ইংল্যান্ডের আর একটি মাত্র ম্যাচ বাকি। উপায় অবশ্য একটা আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডকে জিততেই হবে। তাহলেই হয়তো কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে ইংল্যান্ড।’দ্য সান লিখেছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে জিততে না পারলেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়া প্রায় নিশ্চিত ইংল্যান্ডের।’ একই কথা দ্য গার্ডিয়ান লিখেছে একটু অন্যভাবে, ‘বাংলাদেশের বিপক্ষে এই ফলের পর এটাই হিসাব যে, কোয়ার্টার ফাইনালে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডকে জিততেই হবে।’স্ট্রাউসদের মুণ্ডুপাত আর বাদ পড়ার শঙ্কার মাঝেও ইংল্যান্ডের দুই ঘাতকের স্তুতি করেছে গার্ডিয়ান, ‘কাল রাতে (পরশু) চট্টগ্রামে সবচেয়ে ঠান্ডা মাথার মাহমুদউল্লাহ আর দৃঢ়প্রতিজ্ঞ শফিউল ইসলামের দম বন্ধ করা নবম উইকেট জুটিই বাংলাদেশকে পৌঁছে দিয়েছে জয়ের বন্দরে।’ দ্য সান-এর শফিউল-বন্দনায় মিশে ছিল স্ট্রাউসদের নিন্দাও, ‘মাহমুদউল্লাহ ও ওয়ানডেতে মাত্র ৬ গড়ের ১০ নম্বর ব্যাটসম্যান শফিউল দারুণ সব শট খেলে বাংলাদেশকে এনে দিয়েছে দারুণ এক জয়।’