প্রধানমন্ত্রীর সঙ্গে আবার বৈঠক হবে শেয়ারবাজার সংশ্লিষ্টদের
সুদ মাফ ও ঋণ পরিশোধের সময় শিথিল হতে পারে
বিনিয়োগ করার জন্য শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের নেওয়া ঋণের (মার্জিন লোন) সুদের হার মওকুফ ও আসল পরিশোধের সময়সীমা শিথিল করা হতে পারে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক এবং প্রবাসীদের শেয়ার বিনিয়োগের ওপর আরোপিত ১০ শতাংশ হারে করও প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।গতকাল শুক্রবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠেয় আগামী বৈঠকে। পুঁজিবাজার স্থিতিশীল করার এসব সুপারিশ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির আবার বৈঠক করবেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ জন্য সুপারিশ তৈরি করতেই গতকাল বৈঠক করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী এ নিয়ে আরও বৈঠক করবেন বলে জানা গেছে।বৈঠক শেষে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন গতকাল সবিচালয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ এগোচ্ছে। তিনি আরও বলেন, বাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থে বাস্তবভিত্তিক সব পদক্ষেপই নেওয়া হবে। এ কারণে শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে।তবে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেয়ারবাজার নিয়ে কোনো কথা বলেননি। সূত্র জানায়, গত বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শেয়ারবাজার নিয়ে বিতর্কিত কোনো বক্তব্য দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের না করে দেওয়া হয়েছে। এমনকি ওই বৈঠকে বিতর্কিত ব্যক্তিদেরও রাখা হয়নি। বৈঠকে কী সিদ্ধান্ত হলো—জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, ‘সব ইতিবাচক। প্রধানমন্ত্রী যেখানে প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে যদি কার্যকর কোনো সিদ্ধান্ত না হয়...’ এটুকু বলে তিনি গতকাল বাক্য আর শেষ করেননি।বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পুঁজিবাজার নিয়ে চার ঘণ্টার বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন-প্রক্রিয়া এগিয়ে নিতেই গতকালের বৈঠকটি ডাকা হয় বলে জানান এসইসির চেয়ারম্যান। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যেসব সিদ্ধান্ত এসেছিল, সেসব বিষয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের জন্যই আমরা আজ বসেছিলাম।’বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা এবং এসইসির সদস্য হেলালউদ্দিন নিজামী, আমজাদ হোসেন প্রমুখ অংশ নেন।সূত্র জানায়, গতকালের বৈঠকে অপ্রদর্শিত আয়কে বিনা প্রশ্নে বাজারে বিনিয়োগের সুযোগ, বিদেশি বিনিয়োগকারীদের জন্য কমিশনের হার কমিয়ে আনা, সিআরআর ও এসএলআর হ্রাস, ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের জন্য বাড়তি সুযোগ, জীবন বিমা কোম্পানির নির্দিষ্ট পরিমাণ তহবিল পুঁজিবাজারে নিয়ে আসা, ব্যাংকের আইনি বিনিয়োগ সীমা ইত্যাদি নিয়ে আলোচনা হয়।সূত্র জানায়, বুধবার ও গতকাল অনুষ্ঠিত বৈঠকের কিছু সিদ্ধান্ত এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও এসইসি যে যার অবস্থান থেকে বাস্তবায়ন করবে। অর্থাৎ সে অনুযায়ী নির্দেশনা দেবে তারা। কিন্তু এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে—মন্ত্রিসভা কমিটির অনুমোদন ছাড়া যা বাস্তবায়ন করা যাবে না।যোগাযোগ করলে এসইসির সদস্য হেলালউদ্দিন নিজামী প্রথম আলোকে বলেন, বাজারের জন্য খুবই ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হলো। এতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে এসেছে। শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।সূত্র জানায়, বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের বেশি কমিশন দিতে হচ্ছে বলে একজন আলোচনা করেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, একজন বিদেশি বিনিয়োগকারীকে এক কোটি ২০ লাখ ডলার বিনিয়োগের জন্য ৬০ হাজার ডলার কমিশন দিতে হয়েছে, যা অন্য যেকোনো দেশের তুলনায় বেশি। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হলে তা কমাতে হবে।সিআরআর ও এসএলআর কমানো হলে বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিতে সমস্যা হতে পারে এবং দাতারা আপত্তি তুলতে পারে বলেও বৈঠকে আলোচনা হয়েছে। সূত্রমতে, বৈঠকে আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিমা খাত সব সময়ই একটু রক্ষণশীল। বিমা খাতে যে পরিমাণ বিনিয়োগযোগ্য তহবিল রয়েছে, তার পুরোটা পুঁজিবাজারে বিনিয়োগ করা হয় না।