সুদখোর-দুর্নীতিবাজেরা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, জঙ্গিবাদীরা কখনো দেশ ও জনগণের মঙ্গল করতে পারে না। এরা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করেছে।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শুক্রবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা আপনাদের রেখে যাওয়া ২৫ টাকা কেজি চাল ১০ টাকায় নামিয়ে এনেছিলাম। আমাদের রেখে আসা ১০ টাকা কেজি চালের দাম আপনারা ক্ষমতায় আসার পর এত বাড়ল কেন? বর্তমানেও গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের চেয়ে কম দরে চাল বিক্রি হচ্ছে। আমরা চালের দাম কমাতে পারলে আপনি (খালেদা জিয়া) পারলেন না কেন, তার জবাব মানুষকে দিতে হবে।’শেখ হাসিনা বলেন, সারা বিশ্বে প্রতিনিয়ত খাদ্যমূল্য বেড়ে চলেছে। তবুও মানুষ যাতে কষ্ট না পায়, সে জন্য বিদেশ থেকে ৪০-৪১ টাকা কেজি দরে চাল আমদানি করে ২৪ টাকায় সারা দেশে খোলাবাজারে বিক্রি করা হচ্ছে। ভিজিএফসহ নানা প্রকল্পের মাধ্যমে বিনা মূল্যে গরিব মানুষকে চাল দেওয়া হচ্ছে। যত টাকাই লাগুক, খাদ্য নিয়ে মানুষকে কষ্ট পেতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘বর্তমান সরকারের মাত্র দুই বছরের মধ্যেই অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশ অনেক দূর এগিয়েছে। বাংলাদেশ এখন আর সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের স্বর্গরাজ্য নয়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সারা বিশ্বে বদনাম পাওয়া সন্ত্রাসী-দুর্নীতিবাজ-জঙ্গিবাদের কালো তালিকা থেকে দেশকে মুক্ত করতে সক্ষম হয়েছি। সারা বিশ্বে বাংলাদেশ এখন সম্ভাবনাময় দেশ হিসেবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।’প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেলেও স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছে দিয়ে যেতে পারেননি। তার আগেই তাঁকে হত্যা করা হয়। এরপর সামরিক শাসকেরা ক্ষমতা দখল করে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেন। জেনারেল জিয়া স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠা করে মন্ত্রী-এমপি বানিয়েছেন। আর তাঁর স্ত্রী খালেদা জিয়াও একই কাজ করেছেন।নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম উল্লেখ না করে সভায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, মানবাধিকার রক্ষা করা ছাড়া বিশ্বের কোথাও কি শান্তি প্রতিষ্ঠা হয়েছে? যাঁরা ২১ আগস্টের ভয়াল গ্রেনেড হামলার সময় কথা বলেন না, ওয়ান-ইলেভেনের পর যখন দেশের গণতন্ত্র বুটের তলায় পিষ্ট, তখন বিদেশে গিয়ে রাজা-রানির সঙ্গে ডিনার খান, তিনি কোথায় ও কীভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন? খালেদা জিয়া অঘটন ঘটানোর হুমকি দেন। পিলখানা হত্যাযজ্ঞসহ দুই বছরে অনেক অঘটনই ঘটানোর চেষ্টা করেছেন। কিন্তু দেশের জনগণ খালেদা জিয়ার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন বাস্তবায়ন করতে দেবে না।স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, শুধু বাংলাদেশের স্বাধীনতাই নয়, দেশের যা কিছু সৃষ্টি হয়েছে তার সবই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান। দেশের সংবিধান, সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা, মিলিটারি একাডেমি, সিভিল সার্ভিস—সবকিছুই বঙ্গবন্ধুর হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়। দেশের মানুষ এ ঋণ কোনো দিন শোধ করতে পারবে না।সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ কখনো ড. ইউনূসকে অসম্মান করেনি। বরং ’৯৬ সালে ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক দরপত্রের পয়েন্টে উত্তীর্ণ না হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর নির্দেশে ড. ইউনূসকে গ্রামীণফোনের লাইসেন্স ও বিনা পয়সায় অপটিক্যাল ফাইবার ব্যবহারের অনুমতি দেওয়া হয়। ড. ইউনূসকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী গ্রামীণফোনের উদ্বোধন করেছিলেন। অথচ ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর তিনি মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে নতুন দল গঠনের চেষ্টা করেন।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সভা পরিচালনা করেন অসীম কুমার উকিল। স্বরচিত কবিতা আবৃত্তি করেন নূহ-উল-আলম লেনিন।