সুদর্শন কমলাপেট কাঠবিড়ালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ সেপ্টেম্বর ২০১২। ভোর ছয়টায় মৌলভীবাজার শহর থেকে সিএনজিচালিত স্কুটারযোগে কমলগঞ্জ থানার স্বল্প পরিচিত পাহাড়ি বন আদমপুরের উদ্দেশে রওনা হয়েছি। সঙ্গে আছেন বন কর্মকর্তা মুনির আহমেদ, বন্য প্রাণী বিশেষজ্ঞ তানিয়া খান, সহকর্মী জীবন ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদরুল। ভানুগাছ বাজারে নাশতার জন্য যাত্রাবিরতি দিয়ে আবার ছুটে চলা। সকাল নয়টা নাগাদ আদমপুর বিট অফিসে পৌঁছলাম। ভারতীয় সীমান্তবর্তী আদমপুর একটি বিশাল ও অসাধারণ বন। লাউয়াছড়ার চেয়েও কয়েক গুণ বড়। মুনির ভাই বললেন, লাউয়াছড়ার চেয়েও বেশি বন্য প্রাণী ও পাখির বাস এখানে। এখানে এমনকি ভালুকও রয়েছে। মানুষের আনাগোনা কম হওয়ায় এখানকার বন্য প্রাণীরা কিছুটা ভালো অবস্থায়ও আছে। এমনিতে প্রচুর পাখি থাকলেও এ সময়টা পাখির জন্য অফ সিজন। পাখ-পাখালির তেমন একটা কলকাকলি শোনা যাচ্ছে না। পাহাড়ি মেঠোপথের পরিবর্তে সাপের মতো এঁকেবেঁকে চলা ছড়া দিয়ে চলেছি। ছড়ায় তেমন একটা পানি নেই। কোথাও পায়ের পাতা ভিজছে, কোথাও বা হাঁটুর নিচে পানি। পাখি-প্রাণীর তেমন একটা দেখা না পেলেও বনের প্রাকৃতিক সৌন্দর্যে আমরা মুগ্ধ। ঘণ্টা খানেক হাঁটার পর এক জায়গায় এসে সুন্দর সুন্দর প্রজাপতির দেখা পেলাম। আর মেতে উঠলাম এদের সৌন্দর্যদর্শন ও ছবি তোলায়। হঠাৎ সদরুলের ফিসফিসানিতে এদিক-ওদিক তাকাতে লাগলাম। কিন্তু ওর কথামতো তেমন কোনো প্রাণী নজরে এল না। আরও কিছুটা পথ হাঁটার পর একটা খসখস শব্দ ও ‘চুক-চুক’ আওয়াজ কানে ভেসে এল। হ্যাঁ, সামনের বড় গাছটার দোডালা বেয়ে নামছে একটা কালচে প্রাণী। বিন্দুমাত্র কালক্ষেপণ না করে পটাপট চারটা ছবি তুললাম। এতক্ষণ যার কথা বললাম, সে আমাদের কমলাপেট কাঠবিড়ালি (Orange-bellied Himalayan or Grey or Hill Squirrel)। কালো কাঠবিড়ালি, মান্দার বা চাঁচিয়া নামেও পরিচিত। বৈজ্ঞানিক নাম Dremomys lokriah।কমলাপেট কাঠবিড়ালি মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী। লম্বায় ৪২ সেন্টিমিটার, যার মধ্যে দেহ ২০ সেন্টিমিটার ও লেজ ২২ সেন্টিমিটার। দেহের রং গাঢ় বাদামি, কালচে বাদামি বা কালো। তবে গলা থেকে পেট পর্যন্ত অংশের রং কমলা। কমলা গলা-পেটের এমন সুন্দর কাঠবিড়ালি আর দ্বিতীয়টি নেই এ দেশে। লেজ গাঢ় বাদামি থেকে কালচে। পা ছোট; কান ছোট ও লম্বাটে। কানের পেছনে সাদা দাগ রয়েছে। নাক খাটো। বৃহত্তর চট্টগ্রাম ও সিলেটের মিশ্র চিরসবুজ বন ও শেরপুরের (গজনি) পাতাঝরা বনে এদের দেখা মেলে। গলার স্বর কর্কশ; কাঁপা কাঁপা স্বরে ‘চুক-চুক-চুক’ করে ডাকে। দিনের বেলা বেশ সক্রিয় থাকে। সারা দিন এ-গাছ ও-গাছ করে বেড়ায়। মাটিতেও নামে। একাকী বা জোড়ায় থাকে। বিভিন্ন ধরনের ফল, সবজি, বীজ ও গাছের ছাল খায়। ফলের বীজ ছড়িয়ে এদের বংশবৃদ্ধিতে বেশ সাহায্য করে। এরা সাধারণত গাছের খোঁড়লে পাতা ও কাঠিকুটি দিয়ে বাসা বানায়। বাসার ভেতরে একটি অন্দরমহলও থাকে। বাসায় ঢোকার রাস্তা থাকে এক পাশে। এ দেশে এদের সংখ্যা ও বিস্তৃৃতি সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। কাজেই এই প্রাণী নিয়ে আরও গবেষণা হওয়া দরকার।