সুদর্শন লালচে হনুমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে যে তিন ধরনের হনুমান দেখতে পাওয়া যায়, এদের মধ্যে সবচেয়ে সুলভ এবং বিস্তৃত এলাকায় বসবাস করে ‘লালচে হনুমান’। ইংরেজি নাম Capped Langur বৈজ্ঞানিক নাম Trachypithecus piletus. যশোর অঞ্চলের হনুমানকে বাংলায় সাধারণত ‘মুখপোড়া হনুমান’ ডাকা হয়। এই হনুমানের পেট সাদা। তৃতীয় ধরনের হনুমানের নাম ‘চশমা পরা হনুমান’। চশমা পরা হনুমান আছে রেমাকালেঙ্গা ও পার্বত্য বনাঞ্চলে।লালচে হনুমান আছে মধুপুর, সিলেট ও চট্টগ্রামের বনে। মধুপুর অঞ্চলে যে হনুমান আছে, এদের পেট উজ্জ্বল লালচে। তবে সিলেট ও চট্টগ্রামের বনের হনুমানের পেট মধুপুরের হনুমানের মতো এতটা লালচে নয়। ফলে, এই হনুমানের একটা নতুন নাম থাকা দরকার। কাজ চালানোর জন্য আপাতত ‘লালচে হনুমান’ নামটি ব্যবহার করছি।পাইলেটাস প্রজাতির পাঁচটি উপপ্রজাতি আছে। এদের মধ্যে দুটোর বাস বাংলাদেশে। এই হনুমানের দেখা পেয়েছি কাপ্তাই, কালেঙ্গা, মধুপুর, লাউয়াছড়া, সাতছড়ি, চুনতির বনে। মৌলভীবাজারের লোহাইউনি হলিছড়া চা-বাগান ও চট্টগ্রামের কোদালিয়া চা-বাগানে এদের দেখা পেয়েছি। শুনেছি জামালপুর সীমান্ত, সুসং দুর্গাপুর, পার্বত্য চট্টগ্রামের প্রায় সব বনেই নাকি এরা আছে। প্রাণিবিদ রেজা খান কাপাসিয়ার সাতখামারে এই হনুমানের একটি দল দেখেছেন আশির দশকে। বর্তমানে এদের খবর নেই।লাঙ্গুল হনুমানদের মতোই লালচে হনুমানদের চামড়ার রং কালো। এদের পিঠ, ঘাড়, হাত ও পায়ের ওপরের অংশ, লেজের পশমের রং কালচে বাদামি। লেজের ডগা বেশ কালচে। এদের মাথায় কালো রঙের চূড়ার মতো পেছন দিকে টানা ও শক্ত এক স্তর লোম আছে, যা দেখলে মনে হয়, এরা কালো টুপি পরে আছে। এ জন্য ইংরেজিতে এদের নাম হয়েছে ‘ক্যাপড লঙ্গুর’। মুখমণ্ডল লোমহীন, চকচকে কালো। হাত-পায়ের আঙুলও কালো। মুখের লোম ময়লা সাদাটে, অনেকটা দাড়ির মতো। হাত ও পায়ের ভেতরের রং হলদে সাদা। বুক ও পেটের দিকের রং কমলা লাল। এদের নবজাতকের রং হয় আগুনে পোড়ানো লোহার মতো। তবে মাসখানেকের মধ্যে রং বড়দের মতো হতে থাকে। সোমত্ত পুরুষগুলোর রং বেশি কটকটে। লালচে হনুমান সত্যিকার অর্থেই একটি অত্যন্ত সুদর্শন প্রাণী।বানরের চেয়ে হনুমান ছিপছিপে গড়নের। হাত-পা লম্বা। হাত-পায়ের বুড়ো আঙুল অপেক্ষাকৃত ছোট। পেটটি একটু বড়। এদের পাকস্থলিতে তিনটি খোপ আছে। খাদ্যনালির সিকাম ও কোলন আকারে বড়। এরা খাবার দ্রুত মুখে পুরে নিরালায় জাবর কাটে।মূলত এরা পাতাভোজী। মধুপুরের বনে এরা শালের কচিপাতা ও ফুল, আমলকী, হরীতকী, বহেরা, কড়ইগাছের পাতা ও ফল খায়। গেছো লতাপাতা ও ফুল পছন্দ করে। বটের গোটাও পছন্দের খাবার। তবে এরা যতটা খায়, নষ্ট করে তার চার গুণ। এতে অবশ্য তলার তৃণভোজী প্রাণীরা উপকৃত হয়। গাছের ফোকরে জমে থাকা পানি বা শিশিরে ভেজা পাতা আর খাদ্যবস্তুর জলীয় অংশ এদের পানির চাহিদা মেটায়। এরা সহজে মাটিতে নামে না।হনুমানের শরীরের চেয়ে লেজ অনেক লম্বা। পুরুষ হনুমানের মাথা ও শরীরের দৈর্ঘ্য ৬০-৭০ সেমি। এদের শরীর ছাড়া শুধু লেজই ৭৫-১০০ সেমি এবং গড় ওজন ১২ কেজি। মেয়েরা অপেক্ষাকৃত ছোট এবং গড় ওজন ১০ কেজি।সম্পূর্ণ দিবাচর এই প্রাণীটির জীবনযাপন প্রত্যক্ষ করতে আমি বেশ কিছুদিন মধুপুরের দোখলা বনবাংলোয় কাটিয়েছিলাম। বাইদের পাশেই এক জঙ্গলাকীর্ণ চালাভূমিতে বিরাট একটা চালতা গাছ। হনুমানদের রাতে ঘুমানোর জায়গা এটি। ভোরের আবছা আলোয় দেখি চারটি স্ত্রী হনুমান (একটির বুকে ঝোলানো বাচ্চা আছে) জড়াজড়ি করে বসে আছে। দলে দুটো পুরুষ হনুমান ছিল। আমি লক্ষ করেছি, হনুমানগুলো প্রথমে মানুষ দেখে ভয় পেলেও যদি তাদের বিরক্ত করা না হয়, তবে ওরা বেশ কাছে যেতে দেয়। ছবি তোলার জন্য ক্যামেরা তুললেই এরা মুখ লুকায়। তবে খুব কাছে গেলে হিসি করে দেয়। এদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ করেছি, অবসর সময়ে এরা একে অন্যের পিঠ চুলকে দেয়। এ ছাড়া বানরদের অত্যাচারে যে হনুমান উত্যক্ত হয়, সেটাও এখানেই প্রথম দেখলাম। অথচ লাঙ্গুল হনুমানদের বানরেরা ঘাঁটাতে সাহস করে না।লাঙ্গুল হনুমানের একটি করে বাচ্চা হয় শীতের শেষে। বাচ্চারা এক বছর পর্যন্ত মায়ের দুধ খায়, যদিও বাচ্চারা চার-পাঁচ মাস বয়সে শক্ত খাবার খেতে শেখে। মেয়েরা তিন বছরে ও পুরুষেরা চার বছরে সোমত্ত হয়। এদের দলে শিশুবধ বা মারামারি খুব কম হয়। চিড়িয়াখানায় লালচে হনুমান ২০-২২ বছর বাঁচে।