সুদান ও দক্ষিণ সুদান তেল চুক্তিতে সম্মত
সুদান ও দক্ষিণ সুদান কর্তৃপক্ষ তেল সরবরাহ বিষয়ে একটি চুক্তি করতে সম্মত হয়েছে। চুক্তিটি সম্পন্ন হলে সুদানের ভূখণ্ড ব্যবহার করে দক্ষিণ সুদান তেল রপ্তানি করতে পারবে। বিবিসির খবরে বলা হয়, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় চার দিনের দীর্ঘ বৈঠক শেষে দুই পক্ষের প্রতিনিধিরা সীমান্ত সুরক্ষা এবং তেল উত্পাদন বিষয়ে একমত হন। তবে সীমান্ত নির্ধারণের মতো কয়েকটি বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকে এমন সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যেগুলোতে দুই পক্ষের ভিন্নমত থাকার কারণে এ বছরের শুরুতে তারা প্রায় যুদ্ধাবস্থায় পৌঁছেছিল।এর আগে জাতিসংঘ উভয় দেশকে এই বলে সাবধান করে দিয়েছিল—যদি তারা তেল ও সীমান্ত বিরোধ নিষ্পত্তি করতে ব্যর্থ হয়, তবে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।দেশ দুটির মধ্যে চুক্তি সম্পাদিত হয়ে গেছে কি না, তা নিশ্চিত করতে পারেননি দুই পক্ষের মধ্যস্থতাকারীরা। তবে আজ বৃহস্পতিবার সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাসার এবং দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের মধ্যে চুক্তি সম্পাদিত হবে বলে জানা গেছে। চুক্তিটি হলে দক্ষিণ সুদানে তেল উত্পাদন আবার শুরু হবে। ২০১১ সালের জুলাইতে সুদান ভেঙে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে। এর ফলে দেশটির দুই-তৃতীয়াংশ তেলের খনির অধিকারী হয়ে দক্ষিণ সুদান এবং অধিকাংশ তেল প্রক্রিয়াজাতকরণ কারখানা ও রপ্তানি সুবিধার অধিকারী হয় সুদান। দক্ষিণ সুদান কীভাবে সুদানের যন্ত্রপাতি ও ভূখণ্ড ব্যবহার করবে, সে চুক্তি আগে সম্পাদিত হয়নি।গত জানুয়ারিতে দক্ষিণ সুদান তেল উত্পাদন বন্ধ করে দেয়। দেশটির অভিযোগ, সুদান পাইপলাইন থেকে তেল চুরি করছে। সুদান সরকার জানায়, তেল প্রক্রিয়াজাতকরণ ও ভূখণ্ড ব্যবহার করার জন্য দক্ষিণ সুদানের উচিত সুদানকে অর্থ দেওয়া।