সুদানে ইরানের রণতরী
প্রতিবেশী দেশগুলোতে শান্তি ও নিরাপত্তার বাণী পৌঁছে দেওয়ার অংশ হিসেবে ইরানের একটি নৌবহর সুদান পৌঁছেছে। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল সোমবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, ইরানি নৌবাহিনীর এ নৌবহরটি সেপ্টেম্বরে যাত্রা শুরু করে। এতে ছোট আকারের একটি রণতরী ও তিনটি হেলিকপ্টার বহনে সক্ষম একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। গতকাল এ জাহাজ দুটি সুদানে পৌঁছায়।ইরানের নৌবহরটি কোথায় নোঙর করেছে—এ ব্যাপারে অবশ্য ইরানি বার্তা সংস্থার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অপর এক বার্তা সংস্থা জানায়, জাহাজগুলো সুদান সমুদ্রবন্দরে নোঙর করেছে।সুদানের রাজধানী খারতুমে একটি অস্ত্র কারখানা হামলার ঘটনায় বিস্ফোরণে ধ্বংস হওয়ার ছয় দিন পর ইরানের নৌবহরটি সুদানে পৌঁছাল। অস্ত্র কারখানায় হামলার ঘটনায় সুদান জাতিসংঘের কাছে অভিযোগ করে, ইসরায়েল ওই কারখানায় বোমা হামলা চালিয়েছে।তবে ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার অভিযোগ অস্বীকার বা স্বীকার কোনোটাই করেনি। ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোতে শান্তি ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দেওয়া এবং সমুদ্রসীমা সন্ত্রাস ও দস্যুতামুক্ত রাখার লক্ষ্য নিয়ে তারা এই যাত্রার আয়োজন করে। সফরকালে ওই নৌবহরের কমান্ডাররা সুদানের কমান্ডারদের সঙ্গে সাক্ষাত্ করবেন। ইরানের এই সফর ইসরায়েল অবশ্য সহজভাবে নেয়নি। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের দাবি, ইরান ও সুদান মিলে অস্ত্র তৈরির পরিকল্পনা করছে বলে তাদের কাছে দালিলিক প্রমাণ আছে।