সুদানে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৭৭
সুদানের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে পৃথক দুটি সংঘর্ষে প্রায় ৭৭ জন নিহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তাঁরা পশ্চিম দারফুরের একটি গ্রামে হামলাকারী ৩২ জন বিদ্রোহীকে হত্যা করেছে। তবে ওই এলাকা থেকে সরকারি সেনাদের তাড়িয়ে দেওয়ার সাফল্য দাবি করেছে বিদ্রোহীরা।সুদান কর্তৃপক্ষ জানিয়েছে, আরেক ঘটনায় দক্ষিণ সুদানের সীমান্তবর্তী দক্ষিণ কোর্দোফানের একটি গ্রামে ৪৫ জন বিদ্রোহী নিহত হয়েছে। আর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্টের (জেইএম) বিদ্রোহীদের দাবি, তারা ওই গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। একজন সেনাকে হত্যারও দাবি করেছে তারা। বিবিসির খবরে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে বিদ্রোহী ও সেনাবাহিনীর সংঘর্ষে অনেক মানুষ নিহত হলেও হতাহতের খবর স্বীকার করেনি কেউই। দারফুর ও দক্ষিণ কোর্দোফান এলাকায় জনসাধারণের প্রবেশ সংরক্ষিত হওয়ায় নিশ্চিত কোনো খবর পাওয়া সম্ভব হচ্ছে না। গত বছর দারফুর, দক্ষিণ কোর্দোফান ও ব্লু নিল প্রদেশের বিদ্রোহীরা প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকারকে উত্খাতে একটি জোট গঠন করেছিল। সুদানের অভিযোগ, ওই সব বিদ্রোহীকে সমর্থন দিচ্ছে দক্ষিণ সুদান কর্তৃপক্ষ। তবে দক্ষিণ সুদান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, সুদানই দক্ষিণ সুদানের বিদ্রোহীদের আশকারা দিচ্ছে।