সুদিন ফিরছে সোনালি আঁশের
বাংলাদেশের সোনালি আঁশ পাটের সুদিন ফিরে আসছে। চলতি বছর পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন আমাদের কৃষকদের মনে সে আশাই জাগিয়েছে। বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) জানিয়েছে, পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে গত অর্থবছরে বাংলাদেশ ১২০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে, যা গত তিন বছর আগের চেয়ে ১৬০ শতাংশ বেশি। পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের এ হার ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন রপ্তানিকারকেরা। বিজেএমসির তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০০৯-১০ অর্থবছরের পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৮৭ কোটি ৭০ লাখ ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। আর ২০০৮-০৯ অর্থবছরে এ খাত থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ৪১ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান নির্বাহী কর্মকর্তা জালাল আহমেদ বলেছেন, ‘যেহেতু অনেক দেশই পলিথিন ব্যবহার বন্ধ ও এর পরিবর্তে পরিবেশবান্ধব প্রাকৃতিক আঁঁশ ব্যবহারে বদ্ধপরিকর, তাই পাটের সম্ভাবনা দিন দিন উজ্জ্বল হচ্ছে।’জালাল আহমেদ রয়টার্সকে বলেন, ‘আমরা পাটের জন্য ২০১২ অর্থবছরে ১৩৪ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করেছি।’জালাল আহমেদ আরও জানান, বাংলাদেশ বিশ্বের মোট চাহিদার ৮০ শতাংশ পাট রপ্তানি করে। এ ছাড়া বিশ্বের পাট উত্পাদনকারী দেশগুলোর মধ্যে এখন বাংলাদেশ অবস্থান দ্বিতীয়। বাংলাদেশ রপ্তানি আয়ের দিক থেকে তৈরি পোশাকের পরেই রয়েছে পাট ও পাটজাত পণ্যের অবস্থান। বাংলাদেশ মূলত তুরস্ক, ভারত এবং ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে। এ ছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াতেও স্বল্প মাত্রায় পাট রপ্তানি করা হচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বন্ধ থাকা প্রায় ১০টি পাটকল পুনরায় চালু করা হয়েছে। বন্ধ থাকা আরও কিছু কল চালু হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ জুট মিলস করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, সব মিলিয়ে পাটশিল্প এখন ভালো অবস্থানে আছে এবং এ খাতের ভবিষ্যত্ উজ্জ্বল।পাটচাষিরা বলছেন, তারা এখন আগের চেয়ে ভালো দাম পাচ্ছেন। পাট বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি সঞ্চয়ও করতে পারছেন।তবে এখনো মধ্যস্বত্বভোগীরাই এ খাতের উন্নয়নের সবচেয়ে বড় হুমকি। বিশেষজ্ঞরা বলছেন, এ সমস্যার সমাধান করা গেলে কৃষক উপকৃত হবে এবং তারা পাট উত্পাদনে আরও আগ্রহী হবেন।