সুদিনে পাট, পিছিয়ে সরকার
বিশ্ববাজারে পাটের দাম বেড়েছে প্রায় ৩৩ শতাংশ সাত মাসে পাট খাতে রপ্তানি-আয় প্রায় ৫৪ শতাংশ বেড়েছে। এই সাফল্য এসেছে মূলত বেসরকারি উদ্যোগে সরকার নানা উদ্যোগের ঘোষণা দিলেও তেমন বাস্তবায়ন নেইপাটের সুদিন ফিরলেও তা কাজে লাগাতে পারছে না সরকার। বেসরকারি খাত এই সুযোগ নিলেও সরকারি পাটকলগুলো চলছে সেই পুরোনো নিয়মেই, পুরোনো কায়দায়। দায়িত্ব নেওয়ার পর থেকে পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বন্ধ হওয়া পাটকল চালুসহ নানা ধরনের উদ্যোগের ঘোষণা দিলেও এর তেমন কোনো বাস্তবায়ন নেই। সরকারের গতি অনেক শ্লথ। নতুন নাম দিয়ে একটিমাত্র পাটকল জোড়াতালি দিয়ে চালু করা হয়েছে। যন্ত্রপাতি পুরোনো, ব্যবস্থাপনাও সেই আগের মতো। একইভাবে চালু হচ্ছে আরেকটি সরকারি পাটকল। এসব পাটকলের ভবিষ্যৎ নিয়েও সন্দিহান বিশেষজ্ঞরা। তবে যন্ত্রপাতি ও ব্যবস্থাপনার আধুনিকায়ন না হলেও পাটকলগুলো লাভজনক হবে বলে মনে করছেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এর পক্ষে যুক্তি দিয়ে তিনি প্রথম আলোকে বলেন ‘পাটকলের মেশিন হচ্ছে আওয়ামী লীগ আর দূর্বাঘাসের মতো। এগুলো কখনো নষ্ট হয় না। যত ক্ষয় হয়, তত সৌন্দর্য বাড়ে।’ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় সিনথেটিকের উৎপাদনখরচ বেড়েছে। ফলে পাটের মতো প্রাকৃতিক আঁশের ব্যবহার ও দাম বৃদ্ধি পেয়েছে। তবে এই সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে সরকারি গতি যথেষ্ট স্লথ। পাট রপ্তানিতে রেকর্ড: চলতি বছর পাট রপ্তানিতে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিশ্ববাজারে গত বছরের তুলনায় পাটের দাম বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। গত অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় প্রায় ৫৪ শতাংশ বেশি পাট ও পাটজাতপণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, দেশে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে পাট খাতে রপ্তানি-আয় প্রায় ৫৪ শতাংশ বেড়ে ৬৪ কোটি ৩৫ লাখ ডলার হয়েছে। হিমায়িত মৎস্য খাতকে টপকে পাট এখন দেশের দ্বিতীয় রপ্তানিপণ্য।এই সাফল্য এসেছে মূলত বেসরকারি উদ্যোগে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাট খাতের পুনর্জাগরণে যে কয়টি উদ্যোগ নিয়েছে, তার বেশির ভাগই বাস্তবায়ন শুরু হয়নি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পাট খাতের পুনর্জাগরণের অঙ্গীকার করা হয়েছিল। পাট খাত ঢেলে সাজাতে ২০০৯ সালের মে মাসে গঠন করা হয় পাট কমিশন। ওই বছর নভেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা এখনো আলোর মুখ দেখেনি।পাটনীতির খসড়া ২০০২ সালে তৈরি হয়ে ২০০৮ সালে চূড়ান্ত করা হয়। ওই নীতি এখনো মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য তোলা হয়নি। পাটজাত পণ্য ব্যবহার বাধ্যতামূলক করতে ২০১০ সালে জাতীয় সংসদে পাটের ব্যাগ বাধ্যতামূলক আইন প্রণয়ন করা হলেও এখনো এর বাস্তবায়ন শুরু হয়নি। একটি চালু করতেই দুই বছর: ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার প্রথম বছরই জোট সরকারের আমলে বন্ধ হওয়া পাটকল চালুর ঘোষণা দিয়েছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ২০০৮ সালের মধ্যে পাঁচটি পাটকল চালুর কথা বললেও একটি চালু করতেই লেগে গেল দুই বছর। গত ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় খালিশপুর জুট মিলস উদ্বোধন করেছেন। এটি আসলে পুরোনো পিপলস জুট মিলস। নতুন নাম পেলেও এটি পুরোনো মেশিন ও ব্যবস্থাপনা দিয়েই চালু হয়েছে, তাও পুরোদমে চালু হয়নি। অন্য সরকারি পাটকলগুলোর মতোই এখানকার শ্রমিকেরা কোনো সুবিধা পাচ্ছেন না। দৈনিক মজুরির ভিত্তিতে তাঁরা কাজ করেছেন।শুরুতে পিপলস জুট মিলস, কওমি জুট মিলস, দৌলতপুর জুট মিলস, এম এম জুট মিলস ও রাজশাহী জুট মিলের বর্ধিত অংশ আবার চালুর ঘোষণা দিয়েছিল সরকার। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পক্ষ থেকে পাটকলগুলো চালুর জন্য সরকারের কাছে ২০০ কোটি টাকা চাওয়া হয়। সেই টাকা এখনো হাতে পায়নি বিজেএমসি। তবে গত সপ্তাহে দুটি পাটকল চালুর জন্য অর্থ মন্ত্রণালয় ১০৪ কোটি টাকা ছাড় করেছে বলে জানা গেছে।বন্ধ পাটকলগুলো চালু করতে সরকার পুরোনো কায়দায় এগোচ্ছে মন্তব্য করে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি উদ্যোগগুলো যথেষ্ট স্লথগতিতে এগোচ্ছে। সরকার আগের নিয়মে বিশাল পরিসরে বন্ধ পাটকল চালুর পরিকল্পনা করলে আবারও লোকসানের আশঙ্কা আছে। বেশ কিছু দিন লোকসানে চললে আবারও মিলগুলো বন্ধ করে দেওয়ার কথা উঠবে। তিনি মনে করেন, ছোট পরিসরে লাভজনক হিসেবে পাটকলগুলো যাতে চালু রাখা যায়, সে চেষ্টা করতে হবে। মেশিন ও ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে হবে। পাটমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা যেভাবে পাটকলগুলো চালু করছি তাতে ১৯০ কোটি টাকার লোকসান কমে গেছে। আগামী জুনের মধ্যে পাটকলগুলো লাভের মুখ দেখবে।’আদমজী পাটকল চালুর বিষয়ে তিনি বলেন, ‘আমরা আদমজী নস্টালজিয়ায় ভুগি না। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না।’ পাটনীতি, জুট প্যাকেজিং আইন ও পাট কমিশনের প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, ‘এগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।’ সোনালি দিনের হাতছানি: আন্তর্জাতিক বাজারে প্লাস্টিক ও কৃত্রিম মোড়কের ব্যবহার কমে আসায় পাটের মতো প্রাকৃতিক তন্তুর কদর বেড়েছে। দামও ক্রমাগত বাড়ছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, উদীয়মান অর্থনীতির দেশ ভারত, চীন, ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ায় পাটের ব্যবহার ও আমদানি বেড়েছে। যে কারণে পাটের দাম এক বছরের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে বলে ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, ওয়ার্ল্ড জুট, জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ডব্লিউজিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাটের চাহিদা ও দাম আরও বাড়বে বলে সংস্থাগুলো মনে করছে। গত দুই বছরে দেশের বেসরকারি খাত থেকে পাট রপ্তানির পরিমাণ নিয়মিতভাবেই বাড়ছে। ইউরোপ, চীন ও ভারতের বাজারে পাট-সুতা ও কাঁচা পাটের চাহিদা আগের চেয়ে বেড়েছে। গত বছর ভারত বাংলাদেশ থেকে পাট আমদানির ওপর ১৪ শতাংশ অতিরিক্ত আমদানি-শুল্ক আরোপ করেছিল। তা চলতি মাসে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে ভারতে পাট রপ্তানি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) সভাপতি নাজমুল হক প্রথম আলোকে বলেন, পাট খাতের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে হলে দ্রুত পাটনীতি অনুমোদন ও পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক আইন বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া পাট চাষের জন্য প্রয়োজনীয় বীজের অভাবে দেশে একরপ্রতি পাটের ফলন বাড়ছে না। এ ব্যাপারেও সরকারকে নজর দিতে হবে। পাটচাষির মুখে হাসি: দুই বছর ধরে চাহিদা বাড়ায় প্রতি মণ পাটের দাম দুই হাজার টাকা ছাড়িয়ে গেছে। ফলে পাট চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থকরী ফসল বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর চার লাখ ৮০ হাজার হেক্টর জমিতে ৫০ লাখ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। মার্চ-এপ্রিলে জমিতে পাট বোনার পর দেখা গেছে, আট লাখ ৩৪ হাজার হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। উৎপাদন ৮০ লাখ বেল ছাড়িয়েছে। বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) চলতি বছর ১১ লাখ ৪৬ হাজার বেল পাট কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। সর্বশেষ খবর, ১০ লাখ ৮৩ হাজার বেল পাট কিনে আর না কেনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গত বছরও ক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বিজেএমসি। সারা দেশে উৎপাদিত পাটের বাকি প্রায় ৭০ লাখ বেল কিনেছেন বেসরকারি পাটকল ও ব্যবসায়ীরা। বিজেএমসি সূত্রে জানা গেছে, গত বছর প্রতি টন পাটজাত পণ্যের রপ্তানিমূল্য ছিল ৫৬ হাজার ২৭৯ টাকা। চলতি বছর তা বেড়ে ৭৫ হাজার ২৭৬ টাকা হয়েছে। বিজেএমসি গত অর্থবছরের প্রথম ছয় মাসে ৫৮ হাজার টন পাট রপ্তানি করে আয় করেছিল ৩২৬ কোটি ৪১ লাখ টাকা। চলতি অর্থবছরের একই সময় ৫৬ হাজার টন রপ্তানি করে আয় করেছে ৪২১ কোটি টাকা। পাট কমিশন হিমঘরে: ২০০৯ সালের মে মাসে অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদকে সভাপতি করে পাট কমিশন গঠন করা হয়। কমিশনের কাজের আনুষঙ্গিক সরঞ্জাম বাবদ খরচ হিসেবে মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ১৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর অক্টোবরে এই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কমিশনের সদস্যরা খুলনা ও চট্টগ্রামের বেশ কিছু পাটকল পরিদর্শনও করেছেন। কাজী খলীকুজ্জমান আহমদ দ্রুত এ প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন।পাটের মোড়ক ব্যবহার ঝুলে আছে: গত ২০ সেপ্টেম্বর ‘পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক আইন-২০১০’ গেজেট আকারে প্রকাশিত হয়। আইনে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মোড়ক হিসেবে ৭৫ শতাংশ পাট আছে—এমন উপাদান দিয়ে তৈরি মোড়ক ব্যবহারের বিধান রাখা হয়েছে। পাট মন্ত্রণালয় থেকে সে সময় বলা হয়েছিল, প্রাথমিকভাবে খাদ্যপণ্য (চাল, গম, চিনি), সার ও বীজের মোড়ক হিসেবে পাটজাত ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এখন পর্যন্ত আইনটি কাগজে-কলমে সীমাবদ্ধ আছে, বাস্তবায়নের কাজ শুরু হয়নি।