সুদের হার নির্ধারণ ও ক্ষুদ্রঋণ ব্যাংক প্রতিষ্ঠার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্রঋণের সুদের হার নির্ধারণ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। ক্ষুদ্রঋণের সংজ্ঞা ঠিক করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মুহাম্মদ ইউনূস বলেছেন, লোকে বলে, ক্ষুদ্রঋণের সুদের হার অনেক বেশি। কত বেশি তা কেউ বলতে পারে না। ভালো হয়, সরকার যদি তা নির্ধারণ করে দেয়।ক্ষুদ্রঋণ কর্মকাণ্ডে আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী দেশের অন্যতম দুই পুরোধা ব্যক্তি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস এবং ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এ আহ্বান জানান।এদিকে ক্ষুদ্রঋণ কী, তা নিয়েও আছে বিভ্রান্তি। ক্ষুদ্রঋণের যৌক্তিক ও মানসম্মত সুদের হার নির্ধারণ এবং ক্ষুদ্রঋণ ব্যাংক প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ বিধিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে।রাজধানীর সোনারগাঁও হোটেলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত ‘ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণবিধি: লাভবান হবে কারা?’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন আজ বুধবার সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। এমআরএর সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস ও ফজলে হাসান আবেদ ছিলেন বিশেষ অতিথি।ক্ষুদ্রঋণে বাংলাদেশের অনন্যতার তিনটি বৈশিষ্ট্য তুলে ধরেন মুহাম্মদ ইউনূস। এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা, তহবিল দিয়ে সহযোগিতা করতে পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) নামক প্রতিষ্ঠানের সৃষ্টি এবং এমআরএর মতো সংস্থা গঠন।মুহাম্মদ ইউনূস বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের জন্য স্বচ্ছতা ও সুদের হার প্রসঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ। লোকে বলে ক্ষুদ্রঋণের সুদের হার অনেক বেশি। কিন্তু প্রকৃতপক্ষে এ হার কত হওয়া উচিত, তা কেউ বলতে পারে না।মুহাম্মদ ইউনূস বলেন, যৌক্তিক ও মানসম্মত সুদের হারও নির্ধারণ করে দিতে পারে এমআরএ। এতে বিভ্রান্ত মানুষেরা উপকৃত হবে। সুদের হার গোপন রাখা হলেই সাধারণ মানুষের সন্দেহ বাড়ে বলে মনে করেন তিনি।ক্ষুদ্রঋণ খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সম্মেলনের উদ্বোধনী দিন যে আহ্বান জানিয়েছিলেন, মুহাম্মদ ইউনূস তাতে সমর্থন দেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধীরে ধীরে তা চালু করতে হবে। তাহলে গোটা ক্ষুদ্রঋণ খাতের চেহারাই বদলে যাবে।অনুষ্ঠানে ক্ষুদ্রঋণ ব্যাংক (মাইক্রোফিন্যান্স ব্যাংক) প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের আহ্বান জানান ফজলে হাসান আবেদ।ব্র্যাকের চেয়ারপারসন বলেন, বড় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর ক্ষুদ্রঋণ ব্যাংক হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। এমআরএ কয়েকটি বড় প্রতিষ্ঠানকে ব্যাংক লাইসেন্স দিতে পারে।প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেন, তৃণমূল পর্যায়ের প্রকৃত চিত্রটা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো ভালো বোঝে। সুতরাং এদের মাধ্যমে অনেক কাজ করানো যায়।তিন দিনের সম্মেলনের সুপারিশ ও মতামত তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়। এর মুনাফা থাকবে কিন্তু তা ব্যয় করতে হবে সামাজিক কার্যক্রমে।গত সোমবার থেকে শুরু হওয়া সম্মেলনে ২৫ দেশের ৫০ বিদেশি ও ১৪৬ দেশীয় প্রতিনিধিসহ মোট ১৯৬ জন অংশ নেন। এই তিন দিনে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ক্ষুদ্রঋণ বিষয়ে আটটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।