সুহূদজনের সমাবেশে শীতের সন্ধ্যায় প্রীতিময় উষ্ণ পরিবেশে ‘প্রথম আলো বর্ষসেরা বই ২০১০’-এর পুরস্কার বিতরণী হলো গতকাল বৃহস্পতিবার। শেরাটন হোটেলের বলরুম এ উপলক্ষে পরিণত হয়েছিল দেশের স্বনামধন্য লেখক, প্রকাশক, সংস্কৃতিসেবী ও গ্রন্থানুরাগীদের মিলনমেলায়। এবার সৃজনশীল শাখায় মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হরিশংকর জলদাসের উপন্যাস দহনকাল এবং মননশীল শাখায় বাংলা একাডেমী থেকে প্রকাশিত সাইম রানার বাংলাদেশের গণসংগীত: বিষয় ও সুরবৈচিত্র্য বই দুটি বর্ষসেরা বই হিসেবে নির্বাচিত হয়েছিল।অনাড়ম্বর কিন্তু আন্তরিক আয়োজন। প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরীফ আমন্ত্রিত ব্যক্তিদের স্বাগত জানিয়ে বর্ষসেরা গ্রন্থ কার্যক্রমের পরিপ্রেক্ষিত তুলে ধরেন। ১৪১০ সন থেকে প্রথম আলো প্রতিবছর প্রকাশিত সৃজনশীল ও মননশীল শাখায় সেরা দুটি বই নির্বাচিত করে লেখকদের পুরস্কৃত করছে। তাঁর ভাষায়, ‘লেখকেরা আমাদের স্বপ্নের অগ্নিশিখা জ্বালিয়ে রেখেছেন। তাঁদের অনুপ্রেরণা দিতেই এই পুরস্কারের প্রবর্তন।’ এরপর ছিল জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় গণসংগীত। ‘মাঠে মাঠে সোনালী ধান’, ‘আমার জমিন কাইড়া নিছস জমিন ফিরা দে’, ‘অধিকার কে কাকে দেয়? অধিকার লড়ে নিতে হয়’ ইত্যাদি গান গেয়ে শোনান তাঁরা।এবার ৬৭৫টি বই থেকে বাছাই করে সেরা বই দুটি নির্বাচন করা হয়েছে। বিচারকমণ্ডলীর সভাপতি ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ। সদস্যরা হলেন সৈয়দ আকরম হোসেন, সৈয়দ মনজুরুল ইসলাম, খালিকুজ্জামান ইলিয়াস ও মহীবুল আজিজ। পুরস্কারপ্রাপ্ত লেখকদের নিয়ে তাঁরা মঞ্চে উপবিষ্ট হন।আবদুল্লাহ আবু সায়ীদ বললেন, ‘এত বইয়ের মধ্য থেকে দুটি বইকে শ্রেষ্ঠ নির্বাচন করা দুষ্কর। অনেক বইয়ের অনেক ভালো দিক থাকে। এবার বিচারকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের মূল্যায়নের ভিত্তিতেই বই দুটি নির্বাচিত করা হয়েছে। তবে পুরস্কার দিয়ে নয়, যোগ্যতা দিয়েই মানুষকে ওপরে উঠতে হয়। এই পুরস্কার আসলে তাঁদের প্রেরণা দেওয়ার প্রচেষ্টা।’সৈয়দ আকরম হোসেন দহনকাল-এর শংসাবচনে বললেন, ‘অদ্বৈত মল্লবর্মণের প্রায় অর্ধশত বছর পর হরিশংকরই নিঃসঙ্গ একজন, যিনি সাগর ও সমাজের নির্মম অভিজ্ঞতায় রচনা করেছেন জেলে সম্প্রদায়ের কথকতা।’ এই উপন্যাসে চট্টগ্রামের জেলে সম্প্রদায়ের জীবনসংগ্রাম, তাদের বঞ্চনা এবং মহান মুক্তিযুদ্ধে তাদের নিপীড়ন ও সংগ্রামের কাহিনি তুলে ধরা হয়েছে।লেখক তাঁর প্রতিক্রিয়া জানাতে এসে পিছিয়ে থাকা জেলেসমাজের যে পরিবেশ থেকে তিনি উঠে এসছেন, যে দারিদ্র্য, বর্ণবৈষম্য, সমুদ্রের সঙ্গে কঠিন সংগ্রামের যে অভিজ্ঞতার কথা অকপটে তুলে ধরেন, তা শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলে। তিনি বলেন, ‘বাবার সঙ্গে যখন সমুদ্রে যেতাম, তিনি বারবার আমাকে বলতেন যে আমাকে জলচর থেকে স্থলচর হতে হবে। আমার লেখক হওয়ার কথা ছিল না। সমাজের এই প্রান্তবর্তী অন্তজশ্রেণীর মানুষের কথা স্থলচরদের কাছে তুলে ধরার তাগিদেই ১১ বছর থেকে আমি লেখালেখি শুরু করেছি।’ হরিশংকর জলদাসের জন্ম ১৯৫৫ সালে পতেঙ্গার জেলেপাড়ায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং এখান থেকেই ‘নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্ত জনজীবন’ বিষয়ে অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে চট্টগ্রাম সিটি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত।মহীবুল আজিজ শংসাবচনে বাংলাদেশের গণসংগীত: বিষয় ও সুরবৈচিত্র্য সম্পর্কে বলেন, ‘সাইম রানার গ্রন্থে একদিকে বাঙালির গানের বিষয় ও সুরবৈচিত্র্যের অনবদ্য বিশ্লেষণ, অন্যদিকে বাঙালি যে তার গণসংগীতের প্রেরণা নিয়ে ক্রমশ জনগোষ্ঠী থেকে সার্বভৌম জাতিতে পরিণত হয়েছে, সেই কাহিনিরও নিষ্ঠ প্রচারক।’প্রতিক্রিয়া জানিয়ে সাইম রানা প্রথম আলোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গবেষণাকর্মে পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক সহায়তা দিলে দেশের অনেক তরুণ গবেষণাকাজে এগিয়ে আসবেন। তাঁর জন্ম কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায়, ১৯৭৩ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করে তিনি জাপানে উচ্চতর গবেষণা করেছেন সেদেশের ঐতিহ্যবাহী বাদযন্ত্র নিয়ে। সংগীত ও সাহিত্যের চর্চাও করেন তিনি। খণ্ডকালীন শিক্ষকতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগে।বিচারকমণ্ডলীর সভাপতি ও সদস্যরা লেখকদের উত্তরীয় পরিয়ে দেন এবং তাঁদের হাতে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান সিদ্দিকী, দ্বিজেন শর্মা, আনিসুজ্জামান, এ জেড এম আবদুল আলী, মহিউদ্দিন আহমেদ, শরীফ উদ্দিন আহমেদ, রামেন্দু মজুমদার, মাহবুব আলম, মোহীত উল আলম, আতাউর রহমান, রেজাউর রহমান, আবুল হাসানাত, মুহম্মদ জাহাঙ্গীর, আবু নাসের মোহাম্মদ কামাল চৌধুরী, জুয়েল আইচ, মাহমুদশাহ কোরেশী, নূরজাহান বোস, বেগম আকতার কামাল প্রমুখ। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সমবেত সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এ বছর আমাদের মহান স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হচ্ছে। আমাদের অনেক সমস্যা আছে, প্রতিবন্ধকতা আছে। সেই সঙ্গে প্রচুর সম্ভাবনাও আছে। আমরা দেশের সবার প্রতি আহ্বান জানাই, আসুন, মাতৃভূমিকে মায়ের মতোই ভালোবাসি। নতুন উদ্দীপনা নিয়ে সম্ভাবনাগুলোকে বাস্তবায়িত করে সত্যিকারের আলোকিত দেশ গড়ে তুলি।’