সুধীর কৈবর্ত মোজা বিক্রি করেন ঢাকা কলেজের উল্টো পাশের ফুটপাতে। এক মাস ধরে মোজা ভালো বিক্রি হচ্ছে বলে তিনি জানান। শীতের সময় পায়ের মোজার পাশাপাশি হাতমোজাও বেচাবিক্রি হচ্ছে। সুধীর বলেন, এক জোড়া হাতমোজার দাম ২০ থেকে ৫০ টাকা, আর পায়ের মোজা ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত। শীতের সময় মোটা সুতার পায়ের মোজা বেশি চলে। প্রতিদিন সুধীরের ৫০০ টাকার মতো লাভ থাকছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি শীত চলে গেলে বেচাবিক্রি কমে যাবে। তখন মোজার সঙ্গে যোগ করেন গেঞ্জি আর জাইঙ্গা।সুধীর কৈবর্ত মোজা কিনে আনেন জাকির সুপার মার্কেট ও বঙ্গবাজার হকার্স মার্কেট থেকে। এগুলো তৈরি পোশাক কারখানা থেকে মার্কেটে আসে। এর মধ্যে কিছু মোজা আবার রপ্তানিযোগ্য। কিছু সমস্যা থাকে বলে এগুলো ফুটপাতে চলে আসে।১৫ বছর ধরে ঢাকায় আছেন সুধীর কৈবর্ত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীর পাড়ে কৈবর্তপাড়ায় তাঁর বাড়ি। সুধীরের পেশা ছিল মাছ মারা। মাছ বিক্রি করতেন হাটবাজারে। ১৫ বছর আগে সুধীরের স্ত্রীর দুটি কিডনি নষ্ট হয়ে যায়। তাঁকে ঢাকার পিজি হাসপাতালে নিয়ে আসা হয়। সুধীরের স্ত্রী তিন মাস রোগে ভুগে সেখানে মারা যান। তিনি জানান, তাঁর তিন মেয়ে। এক মেয়ে রিনা কামরাঙ্গীর চরে থাকেন। তাঁর মেয়েজামাই তৈরি পোশাক কারখানার ফোরম্যান। মেয়েজামাইয়ের সঙ্গেই আছেন সুধীর।সরাইলে থাকতে পায়ের ওপর দা পড়ে রগ কেটে যায় সুধীরের। অচল পা নিয়েই রান্না করে খেতে হতো তাঁকে। তখন মেয়ে সুধীরকে ঢাকায় নিয়ে আসেন। মেয়েজামাইয়ের বাসায় বসে বসে খেতে ভালো লাগছিল না সুধীরের। তাই টুকটাক কাজকর্ম শুরু করেন। প্রথমে ঘুরে ঘুরে চা বিক্রি করেছেন। তারপর তরমুজের মৌসুমে তরমুজ বিক্রি। কিছুদিন ফুটপাতে বই বিক্রিরও চেষ্টা করেছেন। এখন মোজা বিক্রিতে থিতু হয়েছেন সুধীর। তাঁর গ্রামের লোক কানাই তাঁকে এ ব্যবসায় নিয়ে আসেন। কানাইয়ের শার্ট, প্যান্টের দোকানের পাশেই তাঁর দোকান। সুধীর পাঁচ-ছয় মাস পর পর গ্রামের বাড়িতে যান, ১০-১২ দিন তিতাস পাড়ে কাটিয়ে আসেন। এটা তাঁর খুব ভালো লাগে। এখন কিছু আয়-রোজগার করেন। তা থেকে নাতিকে স্কুলে গিয়ে এটা-ওটা কিনে দিয়ে আসেন। এ জিনিসটাও তাঁর খুব ভালো লাগে।