সুনামগঞ্জ পিটিআইয়ের তত্ত্বাবধায়ক আবুল কাশেম কারাগারে
সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) তত্ত্বাবধায়ক আবুল কাশেম মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁকে আজ বুধবার সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ আবদুল হালিম না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পিটিআইয়ের প্রশিক্ষণার্থী শিক্ষিকা অনামিকা দাসের বাবা সুবল দাসের দায়ের করা মামলায় পুলিশ আবুল কাশেম মিয়াকে গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে।প্রসঙ্গত, গত শনিবার সকালে সুনামগঞ্জ পিটিআইয়ের আবাসিক হোস্টেলের নিজ কক্ষ থেকে অনামিকা দাসের লাশ উদ্ধার করা হয়। সকালে ওই কক্ষের দরজা খোলা এবং বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান সহপাঠীরা। এ ঘটনায় অনামিকার বাবা সুবল দাস গতকাল মঙ্গলবার আবুল কাশেমের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা সুপারকে দায়ী করে তাঁকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আন্দোলন করে আসছিলেন। অনামিকা দাস ছাতক উপজেলার বাউশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।