সুনামগঞ্জ পৌরসভা মুখর সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে সুনামগঞ্জ পৌরসভা। তফসিল ঘোষণার পর সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জোরেশোরে প্রচারণায় নেমেছেন। পাশাপাশি প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যেও চলছে নানা জল্পনা-কল্পনা।তফসিল ঘোষণার পরপরই প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে নিজেদের পরিচয় তুলে ধরছেন। কুশল বিনিময় করছেন। প্রতীক ছাড়াই ভোট চাইছেন তাঁরা। তবে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা কর্মী সৃষ্টি ও তাঁদের পক্ষে টানার চেষ্টা করছেন। ঘরোয়া বৈঠকও চলছে পাড়ায় পাড়ায়। কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা নিজেদের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি কেউ কেউ এলাকাবাসীর মতামতও নিচ্ছেন—শেষ পর্যন্ত প্রার্থী হবেন কি না।সুনামগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশ কিছু তরুণ মুখ রয়েছে এবার। সুনামগঞ্জ পৌরসভায় বর্তমান কাউন্সিলর যাঁরা আছেন তাঁদের সবাই আবার কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন। একইভাবে নারী কাউন্সিলররাও রয়েছেন মাঠে।ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে মেয়র প্রার্থী নিয়েই তাঁদের মধ্যে আগ্রহ বেশি। বিশেষ করে বড় দুই দলের প্রার্থী হিসেবে কে সমর্থন পাবেন, এই নিয়েই আলোচনা হচ্ছে বেশি। সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী একাধিক সম্ভাব্য প্রার্থী আছেন। কিন্তু বিএনপি ঘরানার কোনো প্রার্থী মাঠে নেই। জেলা বিএনপির বিবদমান দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যেও এ নিয়ে কোনো আলোচনা নেই।সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি আয়ুব বখত জগলুল মাঠে রয়েছেন। আয়ুব বখত জগলুল সুনামগঞ্জ শহরের আরপিন নগর এলাকার মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা প্রয়াত হোসেন বখতের ছেলে। জগলুল এর আগেও দুবার সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। কিন্তু বিজয়ী না হলেও তিনি সব সময়ই মাঠে ছিলেন। সুনামগঞ্জ পৌরসভার গত দুটি নির্বাচনে জগলুল প্রতিদ্বন্দ্বিতা করেছেন হাসন রাজার নাতি প্রয়াত কবি মমিনুল মউজদীনের সঙ্গে। এবার তিনি নেই। আওয়ামী পরিবারের সন্তান হিসেবে জগলুলের পারিবারিক প্রভাব ও ভোট রয়েছে পৌর এলাকাজুড়ে। এবার জগলুল ও তাঁর কর্মী-সমর্থকেরা জয়ের ব্যাপারে আশাবাদী। পাশাপাশি আওয়ামী রাজনীতির সঙ্গে ছাত্রজীবন থেকে জড়িত থাকা এবং আওয়ামী পরিবারের সন্তান হিসেবে দলের সমর্থন আশা করছেন জগলুল। এ ছাড়া মেয়র পদপ্রার্থী হিসেবে মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও সুনামগঞ্জ পৌরসভার বর্তমান ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলুও আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করতে আগ্রহী। তাঁরা নির্বাচনী মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এবার হাসন রাজার পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাঠে আছেন প্রয়াত মমিনুল মউজদীনের বড় ভাই দেওয়ান ছদরুস সাদেকীন। সাদেকীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মাঠে না থাকলেও সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মউজদীনের আরেক সহোদর দেওয়ান গনিউল সালাদীনের নামও শোনা যাচ্ছে।সুনামগঞ্জ পৌরসভায় ২৫ বছর ধরে মরমি শিল্পী হাসন রাজার পরিবার ও মরহুম জননেতা হোসেন বখতের পরিবারের প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই হয়ে আসছে। এবারও তেমনটি হবে বলে মনে করছেন পৌর এলাকার ভোটাররা।এ ছাড়া সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সুনামগঞ্জ পৌর কলেজের প্রভাষক ও সংস্কৃতিসংগঠক শেরগুল আহমেদ। তিনি সাংবাদিকতার সঙ্গেও জড়িত। কয়েক মাস ধরে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।আয়ুব বখত জগলুল প্রথম আলোকে বলেন, ‘আমি ৩০ বছর ধরে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। আর এক যুগ ধরে পৌরবাসীর সুখে-দুঃখে পাশে আছি। নির্বাচনে বিজয়ী না হলেও মানুষের কাছেই ছিলাম।’ দলীয় সমর্থনের ব্যাপারে তিনি বলেন, ‘দলের নেতা-কর্মীরা আমার সঙ্গে আছেন। তাঁরা সবাই আন্তরিকভাবে আমাকে সহযোগিতা করছেন। আমি আশাবাদী, আনুষ্ঠানিক সমর্থন আমি পাব।’পৌরসভার বর্তমান ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু বলেন, ‘আমাদের প্রিয় মানুষ কবি মমিনুল মউজদীনের মৃত্যুর পর আমি তিন বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করছি। এ সময়ের পৌরসভার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত। প্রচারণা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আওয়ামী লীগের সমর্থন পাওয়ার ব্যাপারে জেলার নেতাদের সঙ্গে আলোচনা চলছে।’এদিকে, সুনামগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাঁরা প্রচারণায় রয়েছেন তাঁরা হলেন: ১ নম্বর ওয়ার্ডে তরুণ সাংবাদিক ও আইনজীবী এ কে এম মহিম, হোসেন আহমদ রাসেল, গোলাম রব্বানী, গিয়াস উদ্দিন, এমদাদুল হক, আবদুস শহীদ গাজী, কামরুল হাসান চৌধুরী মোমেন ও লাল মিয়া; ২ নম্বর ওয়ার্ডে তরুণ আইনজীবী ও সাবেক ছাত্রনেতা হাসান মাহবুব সাদী, কাজী নাসিম উদ্দিন লালা, সৈয়দ ইয়াসিন ও পিকু চন্দ; ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সমরাজ মিয়া, মারাজ মিয়া, মোশারফ হোসেন, সুবাস উদ্দিন ও শামসুল ইসলাম; ৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান, সাবেক কাউন্সিলর মতিলাল চন্দ ও চৌধুরী ভাস্কর হোম; ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মনীষ কান্তি দে মিন্টু, গোলাম সাবেরীন সাবু, বাবুল দে, ঝুটন পুরকায়স্থ, সোয়েব আহমদ, সুদীপ দে ও তপু আহমদ; ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মফিজুল হক, আবু সাদাত টিটু, সবুর হাসান টিপু, রুনু মিয়া, মনির উদ্দিন, মকফুর আহমদ, এনাম আহমদ ও আবুল হোসেন; ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোসাদ্দেক হোসেন বাচ্চু, সাবেক কাউন্সিলর শামীম চৌধুরী শামু, জুবায়ের আহমদ অপু, সরোয়ার আহমদ, আবদুল লতিফ ও হোসেন আমীর; ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আহমদ নূর, সোহেল আহমদ তালুকদার, নাজিম উদ্দিন, সামসুল আলম, সোলেমান মিয়া ও লোকচান মিয়া এবং ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর খোরশেদ আহমদ, আবদুল বাতেন, আলী হায়দার, রাশিদ আলী, তারেকুল ইসলাম ও সেলিম মিয়া।এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন যথাক্রমে বর্তমান কাউন্সিলর সুজাতা রানী, সাবেক কাউন্সিলর সৈয়দা আমেনা আখঞ্জি ইলা; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কলি তালুকদার, মাহিন বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে জাহানার বেগম, সেলিনা বেগম।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর সুনামগঞ্জ পৌরসভার মনোনয়নপত্র দাখিল, ২২ ও ২৩ ডিসেম্বর বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ জানুয়ারি এবং ১৮ জানুয়ারি হবে ভোট গ্রহণ।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৩৪ হাজার ৭২৯ জন, এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৬৬৭ জন ও নারী ১৭ হাজার ৬২ জন।