সুনামগঞ্জ পৌরসভার তিন সমস্যা ড্রেন, পানি ও সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌরসভার সমস্যার মধ্যে প্রধান তিনটি হচ্ছে—ড্রেন, পানি ও সড়ক। মধ্যশহরের সড়কগুলোর অবস্থা তুলনামূলক ভালো থাকলেও বর্ধিত এলাকায় এখনো অনেক জায়গায় কাঁচা রাস্তায় চলাচল করতে হয়। শহরে দু্ই বছর আগে আট কিলোমিটার ড্রেন নির্মাণ করা হলেও এখানো অধিকাংশ ড্রেনেরই ঢাকনা দেওয়া হয়নি। আর অনেক এলাকায় পানি সরবরাহের লাইন থাকলেও এলাকাবাসী পানির সুবিধা পাচ্ছে না।ড্রেন সমস্যা: সুনামগঞ্জ পৌরসভায় গত তিন-চার বছর আগেও কোনো ড্রেন ছিল না। এরপর গত দুই বছর আগে আট কিলোমিটার ড্রেন নির্মাণ করে পৌরসভা। কিন্তু এখন পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর এসব ড্রেনের অধিকাংশের ওপরই ঢাকনা দেওয়া হয়নি। ফলে খোলা ড্রেনের ঢাকনা না থাকার কারণে নানা দুর্ঘটনা ঘটছে। সমস্যা হচ্ছে মানুষ ও যানবাহন চলাচলে।পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ডিসেম্বরে বিভিন্ন সড়কে ড্রেন নির্মাণের কাজ শুরু করে পৌরসভা। ১১ জন ঠিকাদার পর্যায়ক্রমে আট কিলোমিটার ড্রেন নির্মাণ করেন। পরে পৌরসভা আরও তিন কিলোমিটার ড্রেন নির্মাণ করে শহরের বিভিন্ন সড়কে। বর্তমানে আরও চার কিলোমিটারের কাজ চলছে। যেসব এলাকায় আরও ড্রেন দরকার তা নতুন একটি প্রকল্পের মাধ্যমে করা হবে। কিন্তু এখন পর্যন্ত এসব ড্রেনের প্রায় আট কিলোমিটারের ওপরই ঢাকনা দেওয়া হয়নি। ফলে মানুষজনের চলাফেরা ও রিকশাসহ যানবাহনের চলাচলে সমস্যা হচ্ছে। প্রায়ই এসব খোলা ড্রেনে মানুষজন পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, শহরের কাজীর পয়েন্ট থেকে হাছননগর পয়েন্ট হয়ে হাসপাতাল পর্যন্ত সড়কের পাশে যে ড্রেন নির্মাণ করা হয়েছে, তার ওপর এখনো ঢাকনা দেওয়া হয়নি। একইভাবে কামারখালী খালের পাশের সড়ক, ষোলঘরের ভেতরের সড়ক, নতুনপাড়া, মোক্তারপাড়া, রায়পাড়া, আরপিননগরের ভেতরের সড়কসহ বেশ কিছু সড়কের পাশের নালা খোলা অবস্থায় রয়েছে। শহরের রাস্তাঘাট প্রশস্ত কম হওয়ায় এসব সড়কে মানুষজন ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। অথচ এসব নালাকে ফুটপাত হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল পৌরসভার।সুনামগঞ্জ শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা সুশাসনের জন্য নাগরিক—সুজনের সাধারণ সম্পাদক শাহ আবু নাসের বলেন, ‘গত এক বছরে শহরে কম হলেও ১০০ পুকুর ভরাট হয়েছে। শহরের কামারখাল উদ্ধারের চেষ্টা হলেও সেই খালকে পানি নিষ্কাশনে ব্যবহারে কোনো উদ্যোগ নেই। এখনই ড্রেন নির্মাণসহ পানি নিষ্কাশনের পরিকল্পনা না নিলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেবে।’ নতুনপাড়া এলাকার বাসিন্দা সনজিৎ ভট্টাচার্য বলেন, ‘ড্রেন হয়েছে প্রায় দুই বছর আগে। অথচ এখানো ঢাকনা দেওয়া হয়নি। এসব ড্রেনে প্রায়ই রিকশা পড়ে আটকে থাকে।’ ষোলঘরের বাসিন্দা জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পাড়ার ভেতরে এমনিতেই রাস্তা ছোট। তার ওপর ড্রেন দিয়ে রাস্তা আরও ছোট করে ফেলা হয়েছে। এসব নালা ঢাকনা ছাড়াই ফেলে রাখা হয়েছে দিনের পর দিন। কেন যে ঢাকনা দেওয়া হচ্ছে না, বুঝতে পারছি না।’ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমদ নূর বলেন, ‘ড্রেনগুলোর ওপর ঢাকনা না থাকায় মানুষ ও যানাবাহন চলাচলে কোথাও কোথাও সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে পরিষদের আলোচনা হয়েছে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব।’ সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন জানান, যখন এসব ড্রেন নির্মাণের পরিকল্পনা করা হয়, তখন ওপরের ঢাকনা দেওয়ার ব্যয় ধরা ছিল না। তিনি স্বীকার করেন, ১১ কিলোমিটারের মধ্যে প্রায় আট কিলোমিটার ড্রেনের ওপরই ঢাকনা নেই। বড় ড্রেনগুলোর ওপর ঢাকনা দেওয়ার পরিকল্পনা তাঁদের আছে এবং এ বছরই তা করা হতে পারে। এ ব্যাপারে সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু বলেন, ‘আমরা নতুন একটি প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে খোলা ড্রেনের ওপর ঢাকনা দেওয়া হবে।’পানির সম্যসা:পৌরসভা সূত্রে জানা গেছে, বর্তমানে সুনামগঞ্জ পৌরসভায় প্রতিদিন সকাল ও বিকাল দুই সময়ে এক হাজার ২৩৬ জন গ্রাহকের মধ্যে এক লাখ ৩২ হাজার গ্যালন পানি সরবরাহ করা হয়। এ জন্য পৌর পানি সরবাহের জন্য দুটি ওভারহেট ট্যাঙ্ক আছে। এই দুটি ট্যাঙ্ক থেকে পানি সরবরাহের জন্য ২৬ কিলোমিটার পাইপ টানা আছে পৌর শহরজুড়ে।পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, সুনামগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের জন্য আরও ২৬ কিলোমিটার পাইপ টানা দরকার। দরকার আরও দুটি ওভারটেক ট্যাঙ্ক। বর্তমানে যে পরিমাণ পানি সরবরাহ করা হয়, চাহিদা এর দ্বিগুণ। এ ছাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় মোট ৩৯৫টি হস্তচালিত নলকূপ রয়েছে। কিছু কিছু স্থানে এসব নলকূপ অকেজো হয়ে আছে। এসব নলকূপের বেশির ভাগই বর্ধিত এলাকায়। আরও দেড় শ নলকূপের চাহিদা রয়েছে বলে জানা গেছে। যেসব স্থানে পানির লাইন রয়েছে, সেসব স্থানেও প্রয়োজনীয় পানি সরবরাহ করতে পারছে না পৌরসভা। পৌরসভার বর্ধিত এলাকায় পানির কোনো সংযোগ নেই। কিছু এলাকায় পাইপ টানা থাকলেও সেখানে পানির কোনো চাপ নেই। তাই অনেকেই সংযোগ বিচ্ছিন্ন করে বাসায় নিজ উদ্যোগে নলকূপ বসিয়ে পানির ব্যবস্থা করেছেন। শহরের এক নম্বর ওয়ার্ডে মোহাম্মদপুর, বনানীপাড়া, বলাকাপাড়ায় একসময় পৌরসভার পানির সংযোগ ছিল বাসাবাড়িতে। কিন্তু গত সাত বছর ধরে এসব এলাকার গ্রাহকেরা পৌরসভার পানি ব্যবহার করতে পারছেন না। কারণ, এসব এলাকায় পানির চাপ নেই। বলাকাপাড়ার বাসিন্দা আবদুস সালাম জানান, তাঁরা পানি না পেয়ে একসময় সংযোগ বিচ্ছিন্ন করে নিজ উদ্যোগে নলকূপ বসিয়ে পানির ব্যবস্থা করেছেন। এ রকম আরও অনেক গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করে নিজ উদ্যোগে পানির ব্যবস্থা করেছেন।তবে পৌরসভার প্রকৌশল বিভাগের প্রকৌশলী মীর মোশাররফ হোসেন জানান, মধ্যশহরে পৌরসভার পানির পাইপ লাইন রয়েছে। বর্ধিত এলাকার সুবিধার্থে নলকূপের ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, ‘গ্রাহক বেশি হওয়ার কারণে কিছু সমস্যা হচ্ছে। পৌরসভায় পর্যাপ্ত পানি সরবরাহের জন্য আরও দুটি ওভারহেট ট্যাঙ্ক ও কমপক্ষে আরও ২৬ কিলোমিটার পাইপ লাইন টানা দরকার। আমাদের সেই পরিকল্পনা আছে। এ ছাড়া পানি নিষ্কাশনের জন্য শহরের বিভিন্ন সড়কে ১৯৫টি কালভার্ট আছে।’ রাস্তার সমস্যা: সুনামগঞ্জ পৌরসভার আয়তন ২২ বর্গকিলোমিটার। পৌর এলাকায় বিটুমিন, ঢালাই, সলিং ও কাঁচা সড়ক আছে ৬২ কিলোমিটার। এর মধ্যে বিটুমিনের সড়কে ১০ কিলোমিটার, আরসিসি ঢালাই ৩৩ কিলোমিটার, ইট সলিং সড়ক দুই কিলোমিটার এবং কাঁচা সড়ক ১৭ কিলোমিটার। শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত দখল হয়ে যাওয়ায় এবং কিছু কিছু জায়গায় সড়কের প্রশস্ত কম হওয়ায় এখন প্রায়ই যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা মার্কেট এবং ট্রাফিক পয়েন্ট পুরোনো বাসস্ট্যান্ডমুখী সড়কের দুই পাশের ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ীরা দখল করে রেখেছেন। পৌরসভা বেশ কয়েকবার সেগুলো উচ্ছেদের উদ্যোগ নিলেও সফল হয়নি।সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু বলেন, ‘সুনামগঞ্জ শহরের সড়কগুলোর অবস্থা ভালো। কোনো এলাকায়ই মূল সড়ক কাঁচা নেই, যা আছে তা বর্ধিত এলাকায়। আগামী এক বছরের মধ্যে সব সড়কই পাকা করার উদোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যেসব এলাকায় বাসাবাড়িতে যেতে সাঁকো ব্যবহার করতে হয়, সেসব স্থানে ছোট ছোট আরও ৫০টি কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে।’নুরুল ইসলাম বজলু জানান, পৌরসভার পক্ষ থেকে আগামী পাঁচ বছরের একটি উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনায় ড্রেন, সড়ক, পানি, বিদ্যুৎসহ মানুষের শিক্ষা, স্বাস্থ্য—সব কিছুরই উন্নয়নের বিষয়গুলো আছে।’