সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষসহ ২৭টি পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ মিলিয়ে শিক্ষকের পদ আছে ৫৮টি। এর মধ্যে কর্মরত আছেন ৩১ জন। বাকি ২৭টি শিক্ষকের পদই শূন্য। কলেজে চারটি বিষয়ে সম্মান কোর্স চালু থাকলেও এসব বিষয়ে প্রয়োজনীয় শিক্ষক নেই। কলেজে শিক্ষার্থী আছেন তিন হাজারেরও বেশি। এতে শিক্ষকসংকটের কারণে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে।কলেজ সূত্রে জানা গেছে, ২০০১ সালে সুনামগঞ্জ সরকারি কলেজে বাংলা, হিসাববিজ্ঞান, দর্শন ও ইতিহাস বিষয়ে সম্মান কোর্স চালু হয়। শুরু থেকেই এসব বিষয়ের শিক্ষকসংকট ছিল। বর্তমানে দর্শন, হিসাববিজ্ঞান ও ইতিহাস বিষয়ে চারজন করে শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন করে। এই তিন বিষয়ের প্রত্যেকটিতেই একাদশ, দ্বাদশ ও স্নাতক শ্রেণী মিলিয়ে শিক্ষার্থী আছেন প্রায় ৫০০ জন করে। ক্লাস নিতে হয় ওই এক শিক্ষককেই। যে কারণে কোনো শ্রেণীতেই নিয়মিত পাঠদান করা সম্ভব হয় না এক শিক্ষকের পক্ষে।এ ছাড়া প্রাণিবিদ্যা বিভাগে পাঁচজনের মধ্যে চারজন, উদ্ভিদবিদ্যা বিভাগে পাঁচজনের মধ্যে তিনজন, রসায়নবিদ্যা বিভাগে পাঁচজনের মধ্যে তিনজন, বাংলা বিভাগে একজন, ইংরেজি বিভাগে দুজন, অর্থনীতি বিভাগে একজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একজন, পদার্থবিদ্যা বিভাগে একজন, গণিতে দুজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একজন শিক্ষকের পদ শূন্য রয়েছে।যেসব বিষয়ে প্রয়োজনীয় শিক্ষক নেই সেসব বিষয়ে অতিথি শিক্ষক নিয়ে ক্লাস করানোর বিধান থাকলেও সুনামগঞ্জে অতিথি শিক্ষক পাওয়া যায় না বলে কলেজ সূত্রে জানা গেছে। সম্মান কোর্সের ইতিহাস, হিসাববিজ্ঞান ও দর্শন বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, শিক্ষকসংকটের কারণে তাঁদের নিয়মিত ক্লাস হয় না। শিক্ষক না থাকায় প্রায় সময়ই তাঁরা কলেজের গাছতলায় বসে সময় কাটান।সুনামগঞ্জের সরকারি কলেজের অধ্যক্ষ মো. আফতাব হোসেন জানান, কলেজে শিক্ষার্থী সাড়ে তিন হাজার। কিন্তু প্রয়োজনীয় শিক্ষক নেই। শিক্ষকসংকটের বিষয়টি তাঁরা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে থাকেন। তিনি বলেন, ‘যেসব বিষয়ে শিক্ষক থাকার কথা পাঁচজন, সেখানে যদি একজন থাকেন, তাহলে পাঠদানের সমস্যা তো হবেই।’