সুনামগঞ্জ সরকারি কলেজের দুটি ছাত্রাবাসের বেহালদশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৃষ্টি শুরু হলে আমাদের দৌড়াদৌড়ি শুরু হয়। খাট-বিছানাপত্র নিয়ে টানাটানি। বইপত্র বাঁচানোর চেষ্টা। থালা-বাসন পেতে পানি আটকানোর চেষ্টা। এসবেও কাজ হয় না। ঘরের ভেতর পড়ে বৃষ্টির পানি। বৃষ্টি থামলে আমাদের দৌড়াদৌড়িও থামে। এখানে সমস্যার শেষ যেমন নাই, তেমনি এই সমস্যা দেখারও যেন কেউ নাই।’ছাত্রাবাসে কেমন আছেন? এই প্রশ্নের উত্তরে সুনামগঞ্জ সরকারি কলেজের কৃষ্ণচন্দ্র ছাত্রাবাসের ছাত্র মানিক আচার্য এ কথাগুলো বলেন। এ বিষয়ে সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কলেজের দুটি ছাত্রাবাসের অবস্থা খুবই খারাপ। সমস্যার কথা বলে শেষ করা যাবে না। এখানে ছাত্রদের থাকার কোনো পরিবেশ নেই। আমরা চেষ্টা করছি কিছু সংস্কার করার।’সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্রদের জন্য দুটি ছাত্রাবাস রয়েছে। এর একটিতে মুসলিম আর অন্যটিতে হিন্দু ছাত্ররা থাকেন। কিন্তু ছাত্রাবাস দুটিতে সামান্য বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে। কোনো সীমানাপ্রাচীর নেই। তাই চুরির ঘটনা ঘটে প্রায়ই। ডাইনিংয়ের অবস্থা খুবই খারাপ। চেয়ার-টেবিল নেই। রয়েছে পানি, বিদ্যুৎ, বাথরুমের সমস্যা। কিন্তু কলেজ কর্তৃপক্ষের কোনো নজর নেই সে দিকে। শিক্ষার্থীরা বারবার বলার পরও এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।সুনামগঞ্জ সরকারি কলেজটি শহরের পূর্ব প্রান্তে হাছননগর এলাকায় অবস্থিত। আর দুটি ছাত্রাবাসের একটি কৃষ্ণচন্দ্র স্মৃতি হিন্দু ছাত্রাবাস শহরের উকিলপাড়ায় এবং মুসলিম ছাত্রাবাস শহরের হাছননগর এলাকায় অবস্থিত। মুসলিম ছাত্রাবাসটির নাম সম্প্রতি শহীদ স্মৃতি তালেব ছাত্রাবাস নামকরণ করা হয়েছে।ছাত্রাবাসে অবস্থানরত ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষ্ণচন্দ্র ছাত্রাবাসে বর্তমানে ২৩ জন ছাত্র আছেন। এখানে টিনশেডের পাকা দুটি ঘরে কক্ষ আছে ছোট-বড় মোট সাতটি। এর একটিতে পাচক থাকেন। আর বাকি ছয়টিতে থাকেন ছাত্ররা। এখানে সিট বরাদ্দ পেতে হলে প্রথমে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক শিক্ষকের কাছে আবেদন করতে হয়। তিনি অনুমতি দিলে প্রত্যেক শিক্ষার্থী এক হাজার টাকা জামানত দিয়ে ছাত্রাবাসে ওঠেন। ছাত্রাবাসের কক্ষে শিক্ষার্থীদের জন্য খাট, চেয়ার-টেবিল থাকার কথা থাকলেও এসব আসবাব শিক্ষার্থীদের নিয়ে আসতে হয়। তবে জামানত হিসেবে যে টাকা রাখা হয় সেটি শিক্ষার্থীরা বিদায় নিলে দেওয়া হয় না।কৃষ্ণচন্দ্র ছাত্রাবাসে গিয়ে দেখা যায়, আবাসিক এলাকার ভেতরে ছাত্রাবাসটি হলেও এর কোনো সীমানা-দেয়াল নেই। বেশ পুরোনো দুটি টিনশেড ভবন। এর একটি বহু পুরোনো। ঘরের চালের টিন এক পাশে হেলে পড়েছে। চারদিক অপরিচ্ছন্ন। বাথরুমে গোসল করার কোনো ব্যবস্থা না থাকায় খোলা জায়গায় নলকূপে গোসল সারতে হয় তাঁদের। পাশেই আশপাশের ঘরবাড়ি। ডাইনিং রুমে দুটি বেঞ্চ পাতা। কোনো চেয়ার নেই, পাশে রান্নার চুলা। ছোট্ট ঘরেই রান্না, সেখানেই খাওয়া। আর এক কোনে একটি সাদাকালো টেলিভিশন। এটিও ছাত্রদের টাকায় কেনা। ডাইনিং রুমের দরজা-জানালা ভাঙা। তাই টিভিটি একটি কাঠের বাক্সে ভরে রেখেছেন ছাত্ররা।একটি কক্ষে পড়াশোনা করছিলেন তাহিরপুর উপজেলা থেকে আসা সাগর তালুকদার। তাঁর মাথার ওপর শিলিংয়ে পলিথিন। চারদিকে মাকড়সার জাল। ছোট্ট একটি কক্ষে তাঁরা চারজন শিক্ষার্থী থাকেন। সাগর বলেন, ‘এই ঘরটি বেশ পুরোনো। ঝড় এলে কখন পড়ে যায় এই টেনশনে থাকতে হয়। কী আর করা এসেছি যখন কষ্ট করে থাকতে হবে। এ ছাড়া উপায় নেই।’দুই নম্বর কক্ষের ছাদে পলিথিনের সঙ্গে বৃষ্টির পানি ঠেকানোর জন্য কয়েকটি প্লাস্টিকের বোতল লটকিয়ে রাখা হয়েছে। শিক্ষার্থী সাধন সরকার বলেন, ‘বৃষ্টির পানি পড়ে যাতে বিছানা, বইপত্র নষ্ট না করতে পারে এ জন্য এ ব্যবস্থা। বৃষ্টি থামলে বোতল নামিয়ে আবার পানি খালি করতে হয়। কিন্তু তাতেও রক্ষা হয় না।’এই ছাত্রাবাসের প্রায় প্রতিটি কক্ষের জানালা ভাঙা। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে সেগুলো। ফ্যান চলে না। এই ফ্যানগুলোও ছাত্ররাই পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে এনেছেন। প্রতিটি কক্ষেই বিদ্যুতের তার টানা বিপদজনকভাবে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ছোট ছোট কক্ষে তিনজনের জায়গায় থাকতে হয় চার-পাঁচজন করে। সীমানাপ্রাচীর না থাকায় প্রায়ই মোবাইল ফোনসেট, কাপড়চোপড় চুরি যায়। শিক্ষার্থীরা জানান, গ্যাস, বিদুৎ, পানি, পত্রিকার বিল সবই দিতে হয় ছাত্রদের। তাঁরাই পাচকের বেতন দেন। এসব সমস্যার কথা বারবার বলার পরও কলেজ কর্তপক্ষ তা সমাধানের কোনো উদ্যোগ নেয়নি। ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মাঝেমধ্যে এলেও তিনিও এসব বিষয়ে উদাসীন।একইভাবে সমস্যায় জর্জরিত শহীদ তালেব ছাত্রাবাস। এখানে দুটি ভবনে ১৩টি কক্ষ আছে। ছাত্র আছেন ৫০ জন। সরেজমিনে দেখা গেছে, পুরোনো পাকা ভবনের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ে প্রতিটি কক্ষের নিচ ভেজা। দেয়ালে জমে আছে শেওলা। দেখে মনে হয় বহুকাল এসব দেয়ালে চুনকাম হয়নি। অনেকটা পরিত্যক্ত বাড়ির মতো আছে ভবনটি। এর মধ্যে একান্ত বাধ্য হয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসা ছাত্ররা থাকছেন। এই ছাত্রাবাসের খাবার কক্ষটি একটি টিনশেড ঘরে। এই ঘরের দুটি কক্ষের একটিতে ছাত্ররা খাওয়া-দাওয়া করেন। আর অন্যটি টিভি রুম। কিন্তু ওই রুমে কোনো টিভি দেখা যায়নি।ছাত্ররা জানায়, ঘরের অবস্থা ভালো না। দরজা-জানালা ভাঙা। তাই যখন টিভি দেখার সময় হয়, তখন সেখানে টিভি নেওয়া হয়। এই ঘরের যে অবস্থা যেকোনো সময় ভেঙে পড়তে পারে। শিক্ষার্থী আফজাল হোসেন আর তাজ মাহমুদ বলেন, ‘ওই ঘরের কোনো বিশ্বাস নাই যেকোনো সময় ভেঙে পড়তে পারে। তাই যত দ্রুত সম্ভব খাওয়া-দাওয়া শেষ করে আমরা বেরিয়ে আসি।’ওই ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, এই ছাত্রাবাসেরও কোনো সীমানাপ্রাচীর না থাকায় সব সময় ভেতরে গরু-ছাগল ঢুকে। পানির খুবই সমস্যা। বাথরুম মাত্র একটি। এতে ৫০ জন ছাত্রকে গোসলসহ সব কাজ সারতে হয়। শিক্ষার্থী আফজালুর রহমান ও তৈয়বুর রহমান জানান, তাঁরা মাসে দুজন পাচককে সাড়ে চার হাজার টাকা বেতন দেন। কলেজ থেকে অন্তত পাচকের বেতনটা দেওয়া হলে তাঁদের উপকার হতো। পুরোনো ভবনটি সংস্কার করা দরকার। এখানে ছাত্রাবাস তত্ত্বাবধায়কের একটি বাসা আছে। কিন্তু সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।দুই ছাত্রাবাসের একাধিক শিক্ষার্থী জানান, দুটি ছাত্রাবাসের অবস্থাই বেহাল। একান্ত বাধ্য হয়েই থাকতে হচ্ছে তাঁদের। বাইরে মেস ভাড়া করে থাকার মতো সামর্থ্য তাঁদের নেই। এসব সমস্যার কথা প্রায়ই কর্তৃপক্ষকে বলা হয়। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের বলেন, ছাত্রাবাসের উন্নয়নে নাকি কলেজের কোনো বাজেট নেই। কোনো কোনো সময় বলেন, হবে-হচ্ছে। কিন্তু সমস্যার কোনো সমাধান হয় না।কৃষ্ণচন্দ্র স্মৃতি ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক শিক্ষক জীবনকৃষ্ণ আচার্য বলেন, ‘হোস্টেলের যে অবস্থা এখানে মানুষ বাস করতে পারে না। ছাত্ররা বাধ্য হয়েই এখানে থাকছেন। আসলে হোস্টেলের জন্য কোনো বরাদ্দও নেই। তার পরও আমরা মাঝেমধ্যে কিছু কাজ করার চেষ্টা করি।’শহীদ তালেব স্মৃতি ছাত্রাবাসের তত্ত্ববধায়ক শিক্ষক জমসেদ আলী বলেন, ‘আসলে এগুলোকে ছাত্রাবাস বললে ভুল হবে। ভাঙাচোরা ঘরে তাঁদের থাকতে হয়। আমরা ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টকে বলেছিলাম নতুন ভবন নির্মাণের জন্য, তারা ভবনগুলো সংস্কার করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু এক বছরে সেই কাজটিও হয়নি।’কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম চৌধুরী বলেন, ‘আসলে এ দুটি ছাত্রাবাসের সরকারি কোনো অনুমোদন নেই। তার পরও আমরা উদ্যোগ নেব, যাতে ছাত্রদের থাকার ও পড়াশোনা করার জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া যায়।’