সুনামগঞ্জ ৮ রাইফেল ব্যাটালিয়নের ১৪ আসামির বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট অঞ্চলে বিডিআর বিদ্রোহ মামলার প্রথম রায়ে সুনামগঞ্জ ৮ রাইফেল ব্যাটালিয়নের ১৪ জন বিডিআর জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। তাঁদেরকে সর্বোচ্চ ছয় বছর থেকে চার বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। আজ সোমবার বিডিআরের সিলেট সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এর সভাপতি ও বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।দণ্ডাদেশপ্রাপ্ত ১৪ জনের মধ্যে নায়েব সুবেদার আবুল হোসেনকে সর্বোচ্চ ছয় বছর সশ্রম কারাদণ্ড, নায়েক মো. হারুন অর রশিদকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, ল্যান্স নায়েক আবদুর রহিম ও সেপাই মো. মনিরুজ্জামানকে চার বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ল্যান্স নায়েক বিপ্লব কুমার পণ্ডিত, হাবিলদার মো. মনিরুজ্জামান ও হাবিলদার মো. আবদুল জলিলকে। দুই বছর ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে সুবেদার মেজর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ চন্দ্র দাস ও হবিলদার মো. বদিউল আলমকে। দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ল্যান্স নায়েক হিরো উল্লাহ খানকে। এ ছাড়া ল্যান্স নায়েক মো. ওমর ফারুককে এক বছর ছয় মাস, নায়েক সহকারী মো. আবদুল ওয়াহিদকে এক বছর, সেপাই সুমন মারমা ও সেপাই মো. তরিকুল ইসলামকে চার মাস করে সশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে।দুপুর ১২টায় এজলাসে বসেন বিশেষ আদালতের সভাপতি ও বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। আসামিদের উপস্থিতিতে প্রায় ৩০ মিনিট রায় ঘোষণা করেন তিনি। রায় ঘোষণাকালে তিনি বলেন, ‘আসামিদের মধ্যে মুক্তিযোদ্ধাও রয়েছেন। এ বিষয়টি বিবেচনায় রেখে এবং অনেকের পারিবারিক অবস্থা পর্যবেক্ষণে রেখে এ রায় দেওয়া হয়।’ মামলা পরিচালনায় বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য বেসামরিক আইনজীবী, সংবাদ কর্মী, র্যাব ও পুলিশকে তিনি ধন্যবাদ জানান। বিশেষ আদালত সূত্র জানায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানার দরবার হলে বিদ্রোহের ঘটনার পর দিন সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নে দায়িত্ব পালনরত কিছুসংখ্যক বিডিআর জওয়ান বিদ্রোহ করেছিলেন। এ বিদ্রোহের ঘটনার বিচার করতে গত ২ এপ্রিল সিলেট নগরের আখালিয়া এলাকায় বিডিআর সদর দপ্তরে বিশেষ আদালত-৩ গঠন করা হয়।