সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কারণে নিজেদের মধ্যে মান-অভিমান আছে তাঁদের, আছে রাজনৈতিক আলাদা মত-পথ। কিন্তু এ বিষয়ে তাঁরা এক—সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। বাঁচাতে হবে হাওরপারের ফসলহারা কৃষকদের। এ দাবিতে এক হয়েছেন জেলার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। তাঁরা সমাবেশ করেছেন। স্মারকলিপি দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। মতবিনিময় করেছেন জেলার সাংসদদের সঙ্গেও।এ ছাড়া সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, উদীচী শিল্পী গোষ্ঠী, বাসদ, জেলা ছাত্র ইউনয়িন, হাওরবাসী রক্ষায় নাগরিক উদ্যোগ শহরে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ দাবিতে শহরে সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি। জেলা আইনজীবী সমিতি, টিআইবির সচেতন নাগরিক কমিটি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়েছে।এ দাবিতে গত ২৯ এপ্রিল সমাবেশ করেন জেলার স্থানীয় জনপ্রতিনিধিরা। সুনামগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়ালের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ানের পরিচালনায় সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তাদীর আহমদ। সমাবেশে স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন। পরে শোভাযাত্রাসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তাঁরা।সমাবেশের ঘোষণাপত্রে বলা হয়, একমাত্র বোরো ফসল হারিয়ে হাওর জেলা সুনামগঞ্জবাসী এখন অসহায়। ফসল হারানো সুনামগঞ্জের হাওর এলাকায় এখন কৃষকদের মধ্যে হাহাকার শুরু হয়েছে। কৃষকেরা আগামী দিন বেঁচে থাকার চিন্তায় হতাশার ভেতর দিন যাপন করছেন। সুনামগঞ্জবাসীকে ঘুরে দাঁড়ানোর স্বার্থে এ এলাকার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করে জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করা প্রয়োজন। বাঁধ নির্মাণে পাউবোর কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনি মোহন দাস, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কদ্দুস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম, দিরাই পৌরসভার মেয়র আহমদ মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর, ধরমপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই তালুকদার, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী সিদ্দিকা, জগন্নাথপুরের কলকলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাসিম, শেলররষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন শাহ, আফতাবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণি, চিলাউরা হলদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমান, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোমচাঁদ দাস, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোসাদ্দেক হোসেন বাচ্চু, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য উজির মিয়া ও আবুল কালাম, হাফেজা বেগম প্রমুখ।