সুনামগঞ্জে ছাত্রলীগের বর্তমান কমিটির বয়স ১০!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে অছাত্র, ব্যবসায়ী, ঠিকাদার আর বিবাহিত ‘ছাত্রনেতাদের’ দিয়ে চলছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। দীর্ঘদিন ধরেই জেলা ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত। দুই গ্রুপের ভেতর আবার রয়েছে উপ-গ্রুপ। জেলা ছাত্রলীগের ১০ বছর বয়সী বর্তমান কমিটি ভেঙে পুরোনোদের বদলে নিয়মিত ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি উঠেছে সংগঠনের ভেতরে।সংগঠন সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১৪ অক্টোবর জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি গঠন করা হয়। তখন জেলা আওয়ামী লীগ ছিল দুই ভাগে বিভক্ত। দুই পক্ষের নেতারা নিজেদের পক্ষে ছাত্রলীগের কমিটি আনার চেষ্টা চালান। পরে কোনো কাউন্সিল ছাড়াই কেন্দ্র থেকে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়া হয়। শুরু থেকেই জেলা ছাত্রলীগের কমিটির নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে জেলা আওয়ামী লীগের দুই পক্ষে অবস্থান নেন। এখনো সেভাবেই আছেন তাঁরা। তাঁদের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি তনুজ কান্তি দেব, তিনজন সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ১২ জন ছাত্রত্ব ঘুচিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কেউ কেউ আবার একাদিক সন্তানের বাবা। এ কমিটির অন্তত পাঁচজন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কয়েকজন আছেন দীর্ঘদিন ধরে প্রবাসে। সহসভাপতি হাসান মাহবুব ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী ওরফে উজ্জ্বল এখন আইন পেশায়। বাকিরা বিভিন্ন ব্যবসায় জড়িত। সহসভাপতি শামীম চৌধুরী, আসাদ চৌধুরী, মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, ক্রীড়া সম্পাদক ছফদর আলী, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, সদস্য হিল্লোল রায়, সালাহ উদ্দিন, দিপঙ্কর সেন, রফিকুল ইসলাম, মিজান আহমেদ বিবাহিত।সুনামগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি এমরানুল হক চৌধুরী বলেন, ‘আমরা চাই গঠনতান্ত্রিকভাবে জেলা কমিটি গঠিত হোক। যাঁরা নিয়মিত ছাত্র, তাঁদের নিয়েই কমিটি হতে হবে। কোনো পকেট কমিটি আমরা মেনে নেব না।’জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী ওরফে উজ্জ্বল বলেন ‘অব্যশই নতুন জেলা কমিটিতে ছাত্রলীগের নিয়মিত ছাত্রদের প্রাধান্য থাকবে। কোনো বখাটে, অছাত্র নেতৃত্ব দিতে পারে না।’