সুনামগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের বোগলাখাড়া গ্রামে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬০ জন। নিহত ব্যক্তিরা হলেন—সামছু মিয়া (৫৫) ও আজিজুর রহমান (৬০)। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বোগলাখাড়া গ্রামের পাশে চরারবন হাওরের জমি নিয়ে জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও জনৈক বিভাষ চন্দ্র দেবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল সাতটার দিকে আবদুর রাজ্জাকের লোকজন বিভাষ চন্দ্র দেবের জমিতে ধান কাটতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় বিভাষ চন্দ্রের বর্গাচাষি রজব আলী তাঁর লোকজন নিয়ে আবদুর রাজ্জাকের লোকজনকে বাধা দেন। দুই পক্ষের লোকজনই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ সময় একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষের উভয়পক্ষেই কমপক্ষে ৬০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে। সংঘর্ষে গুরুতর আহত সামছু ও আজিজুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান ।দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন শান্ত। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।