সুনামগঞ্জে তথ্যমেলা
‘তথ্যপ্রবাহের অবাধ গতি রুখতে পারে দুর্নীতি’—এ স্লোগান সামনে রেখে সুনামগঞ্জে দুই দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালন উপলক্ষে টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক) গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর এ মেলার আয়োজন করেছে।দিবসটি পালন উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করে সনাক। এরপর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল আলম। মেলায় ১২টি স্টল অংশ নেয়।শহীদ আবুল হোসেন মিলনায়তনে সুনামগঞ্জ সনাকের আহ্বায়ক শিক্ষাবিদ পরিমলকান্তি দের সভাপতিত্বে তথ্য জানার অধিকার দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল আলম, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, টিআইবির আঞ্চলিক কর্মসূচি কর্মকর্তা উজ্জ্বল ভট্টাচার্য, সনাকের যুগ্ম আহ্বায়ক আইনুল ইসলাম ও রুনা শাহীন আরা, সদস্য নির্মল ভট্টাচার্য, এনামুল হক, কেয়ার বাংলাদেশের মনিটরিং কর্মকর্তা শহীদুল্লাহ, শিক্ষিকা সঞ্চিতা চৌধুরী, ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর আরতি তালুকদার, সমাজকর্মী রমেন্দ্র কুমার দে, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্রমুখ।মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। এতে নাটক আলো ছায়া পরিবেশন করে প্রসেনিয়াম থিয়েটার, দ্বিতীয় দিনে ইয়েস গণনাট্যদলের সদস্যরা পরিবেশন করেন প্রতিরোধে আগুন নাটকটি। এ ছাড়া সুনামগঞ্জের স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল আলম বলেন, দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে। তথ্য প্রদানে সচেতন হলে দেশে দুর্নীতি কমবে। প্রতিটি দপ্তরের সেবা সংস্থগুলোর উচিত তথ্য প্রদান করা। ইউপি থেকে শুরু করে সকল পর্যায়ে নাগরিকদের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।