সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ৫০ জন আহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জয়কলস ইউনিয়নের শান্তিগঞ্জ বাজার থেকে ডুংরিয়া পর্যন্ত রুটের টেম্পো ও লেগুনায় চাঁদাবাজি করছিল কিছু লোক। এর প্রতিবাদ করে পার্শ্ববর্তী ঘরোয়া গ্রামের লোকজন। ঘরোয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় শিবপুর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মসকু মিয়ার লোকজন অবৈধভাবে এ টাকা আদায় করছে।এ নিয়ে আজ বেলা ১১টার দিকে ঘরোয়া গ্রামের ফয়জুল হকের সঙ্গে শিবপুর গ্রামের শামসুল হকের কথাকাটাকাটি হয়। পরে এ দুজনের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ইট-পাটকেলের আঘাতে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি এস কে আবদুল্লাহ, উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ, কনস্টেবল গোলাম মোস্তফা, মাসুদ মিয়া এবং উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত ঘরোয়া গ্রামের আরজু মিয়া দাবি করেন, শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়কে টেম্পো-লেগুনা থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা হয়েছে। মসকু মিয়ার লোকজন এর সঙ্গে জড়িত।তবে মসকু মিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘ফুটপাতে একটি দোকানের সামনে আরেকটি দোকান বসানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। টেম্পো-লেগুনা থেকে টাকা আদায় করছে মালিক ও শ্রমিকেরা। আমরা এর সঙ্গে জড়িত নই।’দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি এস কে আবদুল্লাহ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষ থামাতে সুনামগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ আনতে হয়েছে। আমি নিজেও আহত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।’