সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে বোরহান উদ্দিন (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জন।আজ সোমবার সকাল নয়টায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে আটক করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্মপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল জলিল ও শাহজাহান চৌধুরীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। আজ সকালে দুই পক্ষের লোকজন গ্রামের পাশে জমিতে কাজ করতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে বোরহান উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। তিনি শাহজাহান চৌধুরীর পক্ষের লোক বলে জানা যায়। আহতদের মধ্যে আবদুল আউয়াল (৩৬), আবদুল কদ্দুস (৩২), নুরুল ইসলাম (৩০), হারুন মিয়া (২৬), আলী হোসেন (২৮), মরতুজ আলী (৬০), আব্বাস উদ্দিন (২০), আবদুস সামাদ (৩০), আবদুর রহমান (৩৫), সোনাপাখি বেগম (২৬) ও শাহজামান চৌধুরীকে (১৬) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, এখন পরিস্থিতি শান্ত। গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ একজনকে আটক করেছে।