সুনামগঞ্জে দুই ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রুস্তুম হত্যা মামলার রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুর রহীম আজ বুধবার এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ইউসুফ আলী ও তাঁর ভাই আফিজ আলী, মন্তাজ আলী, ফজুলু মিয়া ও গিয়াস উদ্দিন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আছদ্দ আলী, আফছুছ মিয়া, ইন্তাজ আলী, তেরাব আলী, ছিদ্দিক মিয়া ও আখল মিয়া। এঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যথায় এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।আদালত ও মামলা সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৬ সালের ১১ অক্টোবর বিকেলে জগন্নাথপুর উপজেলার হুলিয়ারপাড়া গ্রামে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রুস্তুম আলী ঘটনাস্থলে মারা যান। ওই দিনই রুস্তুম আলীর চাচাতো ভাই মকদ্দুছ আলী বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন। মামলা চলাকালীন দুই আসামি ধন মিয়া ও মকবুল আলী মারা যান।বাদীপক্ষে মামলা পরিচালনা করেন সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মজিদ আর আসামি পক্ষে ছিলেন মো. জহুর আলী ও আবুল আশরাফ।