সুনামগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাহির আলী (৪৯)। উপজেলার জগদল ইউনিয়নের কলিয়াকাপন গ্রামে আজ শুক্রবার এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি কলিয়াকাপন গ্রামের বাসিন্দা নাজির মিয়া এবং একই গ্রামের আওয়ামী লীগের নেতা সুবা মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ জুমার নামাজের পর দুইপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও বন্দুক নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। নিহত জাহির আলী নাজির মিয়ার পক্ষের লোক বলে জানা গেছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মুহাম্মদ সালেহ আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। জাহির আলী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জনের মতো আহত হয়েছেন।’