সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী নাটক ‘প্রতিরোধের আগুন’ মঞ্চস্থ
সুনামগঞ্জে ১৪ জানুয়ারি শহরের পৌরচত্বরে মঞ্চস্থ হলো দুর্নীতিবিরোধী নাটক প্রতিরোধের আগুন। টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় ইয়েস গণনাট্যদলের সদস্যরা এই নাটক মঞ্চস্থ করেন।শীতের বিকেলে খোলা মঞ্চে উন্মুক্ত এই নাটকটি বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপভোগ করেন। ইয়েস গণনাট্যদলের সদস্যরা প্রতিরোধের আগুন মঞ্চস্থ করার মধ্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকারের পাশাপাশি সমাজের নানা অসংগতি ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। মূলত সুনামগঞ্জ দুর্নীতিবিরোধী প্রচারাভিযানের অংশ হিসেবে মানুষকে সচেতন করতেই এই আয়োজন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন গিয়াস চৌধুরী, ডিউক, রাজু, রঞ্জিত, সোহেল, ইউনুস, শুভ্র তালুকদার, কপিল, অন্তরা, অদিতি, শায়ন্তনি, অয়ন, ফারিন প্রমুখ। জানা গেছে, প্রতিরোধের আগুন দুর্নীতিবিরোধী প্রচারাভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে ও গ্রামাঞ্চলের কিছু জায়গায় মঞ্চস্থ করা হবে।