সুনামগঞ্জে নৌ-দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নৌ-দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত নয়টায় উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের আলীপুর গ্রামের পাশে ধনু নদীতে এ ঘটনা ঘটে। একটি বালুবাহী নৌকা অপর একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। নিহত সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বিভিন্ন গ্রামে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যাত্রীবাহী নৌকাটি বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার উদ্দেশে রওনা দেয়। রাত নয়টার দিকে নৌকাটি জামালগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের পাশে ধনু নদীতে এলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী নৌকা সেটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কিছু লোক নিখোঁজ হয়। পরে এলাকার লোকজন এসে নিখোঁজ ৩৫ জনের লাশ উদ্ধার করেন। এরা সবাই নারী ও শিশু।নৌকার যাত্রী ইটনা উপজেলার বড়হাটি গ্রামের আজমান মিয়া মুঠোফোনে প্রথম আলোকে জানান, নৌকাডুবিতে তাঁর স্ত্রী হেলেনা বেগম (৩৫), ছেলে রফিকুল (৮) ও মেয়ে নিমা (৭) মারা গেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, তাঁরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁদের অনেকের সঙ্গেই পরিবার-পরিজন ছিল। গতকাল বিকেলে তাঁরা একটি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। রাত হয়ে যাওয়ায় নৌকায় অনেকেই ঘুমিয়ে পড়েন। হঠাৎ প্রচণ্ড শব্দ শুনতে পান তাঁরা। কিছু বোঝার আগেই নৌকাটি এক দিকে কাত হয়ে ডুবে যায়। নৌকার জানালা বন্ধ থাকায় অনেকেই বের হতে পারেননি। কিছু লোক সাঁতরে তীরে উঠে চিৎকার দিলে আশপাশের গ্রামের লোকজন এসে নৌকা ও নদী থেকে একে একে ৩৫ জনের লাশ উদ্ধার করেন।নৌকার আরেক যাত্রী উসমান মিয়া জানান, তাঁর স্ত্রী আনুফা বেগম (২৮) ও ছেলে আকাশ (১২) মারা গেছে। উসমান জানান, নৌকায় নারী ও শিশুরা বেশি থাকায় তাদের মৃত্যু হয়েছে বেশি। যারা মারা গেছে, তাদের সবাই নারী ও শিশু। একই উপজেলার জয়সিদ্ধি গ্রামের খুশিদ মিয়া জানান, তাঁর দুই ছেলে পাপন (১৯) ও তৌহিদ (৮) মারা গেছে। বয়রা গ্রামের মবিলা বেগম জানান, তাঁর দুই মেয়ে সিথি (৫) ও মিতি (১) মারা গেছে। একই উপজেলার গলদীঘি গ্রামের হাতেমা বেগম জানান, তাঁর দুই ছেলে সাবিকুল (৭), সাদিকুল (৪) মারা গেছে। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় আলীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মতিউর রহমান জানান, তাঁরা মানুষের চিৎকার শুনে ঘটনাস্থলে যান। পরে ৩৫ জনের লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে স্বজনহারা লোকজন আহাজারি করছেন।জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসেম গতকাল রাত ১১টায় বলেন, ‘নৌ-দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন আমাকে নিশ্চিত করেছেন।’ জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান জানান, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেটি দুর্গম এলাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।