সুনামগঞ্জে নৌকাডুবি: আরও দুটি লাশ উদ্ধার
সুনামগঞ্জে নৌকাডুবির ঘটনায় আজ রোববার সকালে আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। সকাল আটটার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে ৩৭টি লাশ উদ্ধার করা হয়েছে। সকাল নয়টার দিকে উদ্ধারকাজে অংশ নিতে ঢাকা থেকে চার সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান, জেলা পুলিশ সুপার গোলাম কিবরিয়া ও জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাশেম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ তদারকি করছেন।সুনামগঞ্জের জেলা প্রশাসক ফায়জুর রহমান জানান, ৩০টি লাশের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো সাতজনের পরিচয় জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে।প্রসঙ্গত, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের পাশে ধনু নদে গতকাল রাতে বালুবাহী নৌকা যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী নৌকার ৩৫ যাত্রীর মৃত্যু হয়। যাত্রীবাহী নৌকাটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার উদ্দেশে যাচ্ছিল। নিহত ব্যক্তিদের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার বিভিন্ন গ্রামে।