সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মামলাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত এবং ৫০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ফেনারবাক ইউনিয়নের শরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।হামলায় আহত ২৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শরিফপুর গ্রামের মেম্বার শামসুল হক ও নূর মিয়ার মধ্যে মামলাসংক্রান্ত পূর্ববিরোধ ছিল। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ বিরোধ আরও বাড়ে। এর জের ধরেই আজ সকালে নূর মিয়ার লোকজন শামসুল হকের বাড়িতে হামলা করে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শামসুল হকের চাচাতো ভাই রইস মিয়া (৩৮) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আহত হয় আরও ৫০ জন। এ ব্যাপারে জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার বলেন, পূর্বশত্রুতার জের ধরে একপক্ষ অন্যপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নিহত রইস মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।