সুনামগঞ্জে বড় দুটি সেতুর কাজ দুই বছর ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলার দুই উপজেলায় সুরমা নদীর ওপর দুটি বড় সেতুর কাজ দুই বছর ধরে বন্ধ হয়ে আছে। এর মধ্যে একটির কাজ আপাতত শুরুর কোনো সম্ভাবনা নেই, অন্যটির কাজ শুরু হবে-হচ্ছে করে গত এক বছরেও শুরু হয়নি।সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ছাতক পৌর শহরের বাজনামহল এলাকায় সুরমা নদীর ওপর ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে একটি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০০৬ সালের জানুয়ারি মাসে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ শুরু হয়। এক বছর কাজ হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর কাজ বন্ধ হয়ে যায়। সরকারের একটি বিশেষ প্রকল্পের আওতায় এই সেতুর কাজ শুরু হয়েছিল।সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাতক পৌর শহরের তিন কিলোমিটার দক্ষিণে বাজনামহল এলাকায় সুরমা নদীর ওপর সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুর ছাতকপাড়ে তিনটি পিলার এবং অপর পাড়ে দুটি পিলারের কাজ হয়েছে শুধু। আর কোনো কাজ হয়নি। তবে সওজের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সেতুর কাজ ৩০ শতাংশ হয়েছে।সেতু নির্মাণের এই কাজ করেছে সিলেটের এইচএনও কনস্ট্রাকশন। এই প্রতিষ্ঠানের নিযুক্ত প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, কাজ শুরুর পর জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দেয়। এ সময় তাঁরা ১৯ লাখ টাকার জমি কিনে এ সমস্যার সমাধান করেছেন। এরপর প্রায় চার কোটি টাকার কাজ করেছেন। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর আর বরাদ্দ না আসায় কাজ করা যায়নি।ছাতক পৌর শহরের ব্যবসায়ী মজিবুর রহমান জানান, ছাতক থেকে সুনামগঞ্জ জেলা শহরে যেতে এখন সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। সুরমার ওপর সেতু হলে দোয়ারাবাজার উপজেলা হয়ে সুনামগঞ্জে এক ঘণ্টায় যাওয়া যাবে। ছাতকের সঙ্গে দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে যোগাযোগ সহজ হবে। পৌর শহরের আরেক ব্যবসায়ী জানান, ছাতক জেলা শিল্প শহর হিসেবে পরিচিত। সুরমা নীদ ওপারে দুটি সিমেন্ট কারখানা রয়েছে। এই সিমেন্ট এখন নৌকায় পারাপার করতে হয়। সেতু হলে ছাতকের সব ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। বাজনামহল এলাকার কলেজছাত্র মারুফ আহমেদ বলেন, ‘সেতুর কাজ শুরু হওয়ায় উপজেলাবাসীর সবাই খুশি হয়েছিল। কিন্তু বছরখানেক কাজ হওয়ার পর বন্ধ হয়ে যাওয়ায় আমরা অবাক হয়েছি।’অপরদিকে জেলা সদরের সঙ্গে বিশ্বম্ভরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ২০০৬ সালের শেষ দিকে জেলা শহরের মল্লিকপুর এলাকায় সুরমা নদীর ওপর আরও একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু বছরখানেক কাজ হওয়ার পর এটির নির্মাণকাজ আর এগোয়নি। দুই বছর ধরে এই সেতুর কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। এখন মূল কাজ বন্ধ রেখে একদিকে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। অথচ এই সংযোগ সড়কের জন্য জমির অধিগ্রহণ প্রক্রিয়াই সম্পন্ন হয়নি।২০০৬ সালের ৭ সেপ্টেম্বর তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান জেলা সদরের সঙ্গে বিশ্বম্ভরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সুরমা নদীর ওপর সেতুর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন এই সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছিল ১৮ কোটি টাকা। এরপর বছরখানেক ঢিমেতালে সেতু নির্মাণের কাজ চলার পর কাজ বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত কাজ বন্ধ রয়েছে।সরেজমিনে দেখা গছে, এক বছর কাজ করে সুরমা নদীর দুই পাড়ে সেতুর দুটি পাটাতনের আংশিক নির্মাণ করা হয়েছে। এই দুটি পাটাতনের ওপরের ঢালাই কাজ এখানো বাকি রয়েছে। নদীতে কোনো কাজ করা হয়নি। এখানে মোট সাতটি পাটাতন নির্মাণ করার কথা। অথচ এই সেতুর কাজ শুরুর সময় বলা হয়েছিল যে দুই বছরের মধ্যেই কাজ শেষ হবে।সওজ সূত্র জানায়, কাজ শুরু হওয়ার পর বরাদ্দ পাওয়া নিয়ে কিছু জটিলতা দেখা দেয়। পরে নির্মাণসামগ্রীর দাম রেড়ে যাওয়ায় ঠিকাদার কাজ বন্ধ করে দেন। সওজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেতুর কাজ ৩০ শতাংশ শেষ হয়েছে। বাকি ৭০ শতাংশ কাজ করার জন্য এখন নতুনভাবে দর নির্ধারণ করে একটি প্রস্তাবনা সওজের প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, সেতুর সংযোগ সড়কের জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ে জমির মালিকদের টাকা না দেওয়ায় এই প্রক্রিয়াটিও বাতিল হয়ে যায়। মূল সেতুর কাজ বন্ধ রেখে হঠাৎ করেই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় জমির মালিকেরা বাধা দেন। তাঁরা জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে স্মারকলিপিও দেন কাজ বন্ধ রাখার জন্য। মল্লিকপুর এলাকার বাসিন্দা সোলেমান আহমেদ বলেন, ‘এখানে ৩০ থেকে ৪০টি পরিবার আছে। জমির টাকা না পেলে আমরা এতগুলো পরিবার কোথায় যাব? সওজকে সাফ জানিয়ে দিয়েছি, টাকা না পাওয়া পর্যন্ত জমি ছাড়া হবে না।’বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তফাজ্জল হোসেন মাস্টার বলেন, ‘আমাদের উপজেলাবাসীর দাবি ছিল সুরমা নদীর ওপর সেতু নির্মাণ। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের কাজ হচ্ছে। সেতুটি হয়ে গেলেই আমাদের যাতায়াতের মূল সমস্যাটির সমাধান হয়ে যায়।’সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমানউল্লাহ জানান, সুনামগঞ্জের সেতুটির কাজ আবার শুরু হবে। নতুন প্রস্তাবনাটি এখন একনেকে পাস হলেই আবার কাজ শুরু হবে। একই সঙ্গে জমির জটিলতাও শেষ হবে। অপরদিকে ছাতকের সেতুটি যে গুচ্ছ প্রকল্পের আওতায় কাজ শুরু হয়েছিল, এখন সেই প্রকল্প আর নেই। পরে অসমাপ্ত সেতু সমাপ্ত করার প্রকল্পে এটি অন্তর্ভুক্ত করার চেষ্টা হয়েছে। কিন্তু ব্যয় বেশি ধরায় তাও সম্ভব হয়নি।