সুনামগঞ্জে শহীদ মিনার প্রাঙ্গণে ১৪৪ ধারা
সুনামগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে হিন্দুধর্মাবলম্বীদের দুই পক্ষ একই সময়ে সমাবেশ আহ্বান করায় প্রশাসনের পক্ষ থেকে আজ সোমবার বিকেল তিনটা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।‘পূজা উদযাপন পরিষদ’ ও ‘সনাতন ধর্মাবলম্বীবৃন্দ’ নামের দুই সংগঠন এই সমাবেশ আহ্বান করে। জানা গেছে, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন চালু, অর্পিত সম্পত্তি আইন বাতিল, সিলেটের বিয়ানীবাজারে শ্রীবাস অঙ্গনে হামলা, লুটপাট ও সিলেটের গোপাল জিউর আখড়ার ভূমি আত্মসাতের প্রতিবাদে বিকেলে স্থানীয় শহীদ মিনারে সমাবেশ আহ্বান করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। পরে একই বিষয় নিয়ে ‘সনাতন ধর্মাবলম্বীদের’ নামে আরেকটি সংগঠন একই স্থানে সমাবেশ ডাকে। এরপর দুই পক্ষ গতকাল রোববার রাতে শহরে মাইকে প্রচারণা চালায়।আজ দুই সংগঠনের লোকজন শহীদ মিনারে সমাবেশের প্রস্তুতি নিতে শুরু করলে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন শহীদ মিনার এলাকায় ১৪৪ ধারা জারি করে।পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব কাজল দে জানান, সংগঠনের কেন্দ্রের নির্দেশে তারা গত ৯ এপ্রিল জেলা কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে শহীদ মিনারে এই সমাবেশ ডাকেন। এরপর সমাবেশ সফল করতে প্রচারণা চালানো হয়। গতকাল রাতে হঠাত্ করে সনাতন ধর্মাবলম্বীর নামে কিছু লোক একই স্থানে সমাবেশ ডাকে।এদিকে ‘সনাতন ধর্মাবলম্বীবৃন্দ’ পক্ষের নেতা জয়ন্ত রায় জানান, পূজা উদযাপন পরিষদের তিন মাসের কমিটি তিন বছর গড়িয়েছে। এ কারণে শহরের সনাতন ধর্মাবলম্বীরা ক্ষুব্ধ। এই সংগঠনের কোনো বৈধতা নেই। তাই ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা গতকাল পৃথক সমাবেশ আহ্বান করেন।সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান জানান, একই সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের দুটি সংগঠন একই জায়গায় সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি হয়েছে।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবত্ থাকবে।’