সুনামগঞ্জে শিক্ষিকার লাশ উদ্ধার, যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) হোস্টেলের তত্ত্বাবধায়ক (সুপার) আবুল কাশেমের যৌন নির্যাতন ও উত্ত্যক্ত করার কারণেই সেখানকার প্রশিক্ষণার্থী শিক্ষিকা অনামিকা দাস (২২) আত্মহত্যা করেছেন। অনামিকার পরিবার ও প্রশিক্ষণরত তাঁর সহকর্মী শিক্ষকেরা এই অভিযোগ করেছেন। এ ঘটনায় পিটিআইয়ের তত্ত্বাবধায়ক আবুল কাশেমকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার এবং তাঁর শাস্তির দাবিতে আজ রোববার শহরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষকেরা।প্রশিক্ষণরত শিক্ষক-শিক্ষিকারা সকালে শহরে মিছিল শেষে আলতাফ স্কয়ার এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশ থেকে অভিযোগ করা হয়, আবুল কাশেম নানাভাবে প্রতিষ্ঠানের শিক্ষিকাদের উত্ত্যক্ত করেন। তাঁর যৌন নির্যাতনের কারণেই অনামিকা আত্মহত্যা করেছেন। বিষয়টি তিনি অনেক সহকর্মীকে জানিয়েছিলেন। তাঁর পরিবারও জানে। মানববন্ধনে ‘নারীলোভী সুপারের অপসারণ চাই’, পিটিআইয়ে শিক্ষিকাদের নিরাপত্তা চাই’, ‘মিছিলে হামলাকারী পুলিশ ইউনূসের বিচার চাই’ লেখা ফেস্টুন নিয়ে অংশ নেন শিক্ষকেরা।অনামিকা দাসের ছোট বোন ও একই হোস্টেলের বাসিন্দা দীপিকা দাস জানান, আবুল কাশেম অনামিকাকে প্রায়ই নানাভাবে উত্ত্যক্ত করতেন, কুপ্রস্তাব দিতেন। হোস্টেলের শিক্ষিকারা ভয়ে তাঁর বিরুদ্ধে কথা বলতেন না। দীপিকা বলেন, ‘আমাকে আপা প্রায়ই এ রকম বলত। আমি আপাকে বলেছিলাম, সুপারের সামনে না পড়তে। কিন্তু আমি ওই দিন না থাকায় সুপার নিশ্চয়ই এমন কিছু করেছে, যে কারণে আপা আত্মহত্যা করেছে।’এদিকে অনামিকার নানা সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রামানন্দ দাস প্রথম আলোকে জানান, অনামিকা তাঁকে সুপারের উত্ত্যক্তের বিষয়ে জানিয়েছিলেন। তিনি বিষয়টি শহরে তাঁর এক আইনজীবী বন্ধুকে জানিয়েছিলেন।পিটিআই শিক্ষকেরা আবুল কাশেমকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার এবং তাঁর শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে। এ ঘটনায় আবুল কাশেমকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য বলেছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়।পিটিআইয়ের প্রশিক্ষণরত শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ সমাবেশ বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কানন বন্ধু রায়, শিক্ষক হারুনুর রশীদ, গিয়াস উদ্দিন, প্রণব দাস প্রমুখ। এ সময় জেলা বিএনপি, কমিউনিস্ট পার্টি, উদীচী, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সংহতি প্রকাশ করেন।এদিকে সুনামগঞ্জ পিটিআইয়ের তত্ত্বাবধায়ক আবুল কাশেম তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন। তবে এ ঘটনায় তাঁকে মন্ত্রণালয় থেকে কারণ দর্শাতে বলা হয়েছে—এ বিষয়টি স্বীকার করে তিনি প্রথম আলোকে বলেন, ‘অনামিকা ঘটনার আগের দিন (শুক্রবার) সন্ধ্যায় বাইরে যেতে চেয়েছিল। আমি নিষেধ করে একটু শাসন করেছিলাম। এটা আমি অনেককেই করি।’প্রসঙ্গত, গতকাল শনিবার সকালে পিটিআইয়ের আবাসিক হোস্টেলের নিজ কক্ষ থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় অনামিকার লাশ উদ্ধার করা হয়। এ সময় কক্ষের দরজা খোলা ছিল। পরে শিক্ষকেরা শহরে বিক্ষোভ করলে পুলিশ মিছিলে লাঠিপেটা করে। এতে কয়েকজন শিক্ষক আহত হন।