সুনামগঞ্জে সরকারি দলের প্রভাবে অন্যের বাড়ি দখলের অভিযোগ
সুনামগঞ্জ শহরে একটি দরিদ্র পরিবারের বাড়ি সরকারি দলের প্রভাবে জোরপূর্বক দখল করে নিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী। ওই পরিবারের সদস্যদের রাতের আঁধারে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। অসহায় পরিবারটি এখন একটি দোকান ঘরে আশ্রয় নিয়েছে। দখলকারীরা সরকারি দলের লোক হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা বৃদ্ধা অতিবা বেগম জানান, তাঁদের মূল বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায়। তাঁরা ১৯৯৫ সালে নবীনগরে মোজাফ্ফর আলীর কাছ থেকে তিন শতক জমি কেনেন। পরে মোজাফ্ফর আলী ও তাঁর ছেলে সারাজ মিয়া ওই জমি বুঝিয়ে দেন। এরপর সেখানে একটি টিনশেড ঘর তুলে এক মেয়ে ও এক ছেলে নিয়ে ১৫ বছর ধরে বসবাস করে আসছেন তিনি। ছেলে রাজু স্কুলে পড়ে। মেয়ে রিনার বিয়ে হলেও তিনি দুই কন্যাসন্তান নিয়ে মায়ের কাছেই থাকেন। পরিবারে আর কোনো পুরুষ লোক নেই। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সারাজ মিয়া এ জমি ছেড়ে দিতে তাঁদের চাপ দেন। তিনি নানাভাবে তাঁদের হুমকি দিতে থাকেন। সম্প্রতি তাঁরা সেখানে একটি পাকা ঘর তৈরি করেছেন। রাতের আঁধারে জোরপূর্বক এই ঘর থেকে তাঁদের বের করে দেওয়া হয়েছে। অতিবা বেগম জানান, গত ১ সেপ্টেম্বর রাতে তিনি ধরমপাশায় ছিলেন। গভীর রাতে সারাজ মিয়া তাঁর লোকজনসহ এসে ঘরের দরজা ভেঙে ঢোকেন। এরপর রিনা বেগমকে বেধড়ক পিটিয়ে তাঁর দুই শিশুক্যনাসহ ঘর থেকে বের করে দেন। রিনা পায়ে ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন। পর দিন তাঁরা থানায় মামলা করতে গেলে পুলিশ প্রথমে মামলা নেয়নি। পরে স্থানীয় সাংসদকে বিষয়টি জানান তাঁরা। সাংসদ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলেন। এরপর পুলিশ মামলার কাগজপত্র রাখে। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি।রিনা বেগম (২৮) জানান, ঘটনার পর থেকে তাঁরা শহরের ষোলঘর এলাকায় একটি দোকান ঘরে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি না করতে তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে। সারাজ মিয়া দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা অতিবাদের যে জমি দলিল করে দিয়েছি সেটা এ জমি নয়। এখানে এমনিতেই তাঁদের থাকতে দেওয়া হয়েছিল। এখন জমি ছাড়তে বলায় তাঁরা টালবাহানা শুরু করেছেন।’সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে আমি পুলিশকে বলে দিয়েছি। দলের ভেতরের লোক হোক আর বাইরের লোক হোক, কারও কোনো অন্যায় সহ্য করা হবে না।’ সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এর ফাঁকে আওয়ামী লীগের নেতারা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। আমি সেটার অপেক্ষায় আছি। মীমাংসা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’