সুনামগঞ্জে স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার
সুনামগঞ্জে এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের পাশে একটি বাগানের ভেতর থেকে ওই শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় শাড়ির একটি অংশ পেঁচানো ছিল। নিহতের নাম সন্ধ্যারানী রায় (৫০)।দক্ষিণ সুনামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, গলায় কাপড় পেঁচানো থাকায় ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্কুলশিক্ষিকার স্বামী পল্লি চিকিত্সক প্রেমতোষ রায় প্রথম আলোকে জানান, তাঁদের বাড়ি টাইলা গ্রামে। সন্ধ্যারানী পাশের গ্রামে দুর্গাপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁদের ছোট মেয়ে লাকী রায়ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ সকাল সাড়ে আটটার দিকে সন্ধ্যারানী মেয়ে লাকীকে একটি ট্রলারে তুলে দেন স্কুলে যাওয়ার জন্য। এরপর তিনি নিজে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নয়টার দিকে রওনা দেন। এর ঘণ্টাখানেক পর প্রেমতোষ খবর পান তাঁর স্ত্রীর লাশ গ্রামের পাশে একটি বাগানে পড়ে আছে। প্রেমতোষ রায় প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো শত্রু নাই। কারা এই কাজ করল কিছুই বুঝতে পারছি না।’টাইলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকেশ চন্দ্র দাস জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যারানীর লাশ মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁর গলা কাপড় দিয়ে পেঁচানো ছিল। প্রসঙ্গত, গত শনিবার সকালে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) নারী হোস্টেলের নিজ কক্ষ থেকে অনামিকা দাস (২২) নামের এক শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়ী ও যৌন হয়রানির অভিযোগে তাঁর বিচারের দাবিতে আন্দোলন করছেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।এ প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক গৌরী ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘এক সপ্তাহের ভেতরে এমন দুটি ঘটনায় আমরা আতঙ্কিত। দুজনই কর্মজীবী নারী। এখন কর্মজীবী নারীদের মধ্যে ভয় কাজ করছে।’