সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় হাওরে নৌকাডুবিতে ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে ২০ জন। নিহতদের মধ্যে পাঁচজন স্কুলছাত্রী ও চারজন শিশু রয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার শৈলচাপড়া হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি উপজেলার পাইকরহাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামে।নিহতরা হলো বালিজুড়ি গ্রামের দশম শ্রেণীর ছাত্রী তানজিলা আক্তার ও মণিমালা, নবম শ্রেণীর ছাত্রী নূপুর, সপ্তম শ্রেণীর ছাত্রী ঝর্না, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী স্বপ্না, নবীজা বেগম (৩৫), নবীজার ছেলে বাবু (৫ মাস), রোকেয়া বেগম (৩৬), রোকেয়ার ছেলে তাজুল ইসলাম (১), রাহুল (৪), রাহুলের বোন আকলিমা (১) ও পোসাকের মা (৬০)। নিহত শিক্ষার্থীরা বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও বাদশাগঞ্জ পাবলিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।এ ছাড়া আহত মুস্তাফিজুর রহমান (৪), আবুল হোসেন (২৪), জয়নাল আবেদিন (৩৫) ও শিক্ষার্থী তুহিন আক্তারকে (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে উপজেলার পাইকরহাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রাম থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা উপজেলার বাদশাগঞ্জে যাচ্ছিল।পথে সেলবরষ ও পাইকরহাটি ইউনিয়নের মধ্যবর্তী শৈলচাপড়ি হাওরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে অনেক যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় ৩০-৩৫ জন। পরে স্থানীয় লোকজন হাওর থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করে।বেঁচে যাওয়া শিক্ষার্থী তুহিন আক্তার জানায়, বালিজুড়ি থেকে নৌকাটি ছেড়ে আসার ১৫ মিনিট পর ঝোড়ো হাওয়া শুরু হয়। এরপর হঠাত্ নৌকাটি বাতাসে উল্টে যায়। নৌকায় ২০-২৫ জন শিক্ষার্থী ছিল। নৌকাটি ডুবে যাওয়ার পর তুহিন কোনো রকমে সাঁতরে তীরে পৌঁছে।ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আবদুস শহীদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় নিখোঁজ যাত্রীদের উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত আছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা জানান, প্রশাসনের পক্ষ থেকে নিহতদের লাশ দাফনের জন্য তাত্ক্ষণিক সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে।