সুনামগঞ্জে হাত বাড়ালেই মাদকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহর ও শহরতলিতে মাদকের বিস্তার বেড়েছে। শহরের যুবক-তরুণদের বড় অংশ এই নেশার জালে জড়িয়ে পড়ায় শহরে চুরি, ছিনতাই ও বখাটেপনা বেড়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। তবে পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এখন পরিস্থিতি আগের তুলনায় ভালো। গত এক সপ্তাহে শহরের বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, একসময় হেরোইনসেবীদের উৎপাত মধ্য শহরে থাকলেও এখন তা পৌরসভার বর্ধিত এলাকা ও শহরতলিতে ছড়িয়ে পড়েছে। পুলিশ মাঝেমধ্যে এদের দু-একজনকে ধরে। এরাই আবার ছাড়া পেয়ে মাদক সেবন ও বিক্রি শুরু করে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের লম্বাহাটির সরকারি পুকুর পাড়, এর পাশের কবরস্থান, সাহেববাড়ির নদীর ঘাট, হাছননগরের ময়নার পয়েন্ট, সুরমা মার্কেট, পৌর বিপণি, পুরাতন কোর্ট চত্বর, পশ্চিম বাজারের সুরমা নদীর তীর, মরাটিলা কবরস্থান, সরকারি কলেজ ক্যাম্পাস, নতুন বাসস্ট্যান্ড এলাকায় হেরোইন বেচাকেনা ও সেবন চলে। বর্তমানে বর্ধিত পৌর এলাকার রড়পাড়া সুরমা নদীর তীর, মুহাম্মদপুর পয়েন্ট, জলিলপুর, ষোলঘর ধোপাখালি পয়েন্ট, ওয়েজখালির ইকবাল নগর ও শহরের বস্তি এলাকায় মাদক ও হেরোইন বেচাকেনা চলে। শহরতলির ইব্রাহিমপুর আস্তানাবাড়ি, মাইজবাড়ি এলাকার বদিপুর পয়েন্টও হেরোইন বেচাকেনা হয়। রাতে জুবিলী স্কুল মাঠে ও মারটিলা কবরস্থান এলাকায় হেরোইন ও গাঁজাখোরদের আসর বসে। এ ছাড়া শহরজুড়েই রয়েছে ভ্রাম্যমাণ হেরোইন ক্রেতা-বিক্রেতাদের অবাধ বিচরণ। হেরোইন ও মাদকসেবীর অধিকাংশই উঠতি বয়সী। এদের অনেকেই আবার চুরি, ছিনতাই ও বখাটেপনার সঙ্গে জড়িত। শহরের ডিএস রোডের সাইফুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ শহরে ইদানীং ব্যাপকহারে বেড়েছে মাদক ব্যবসা ও মাদকসেবীদের উৎপাত। স্কুল, কলেজগামী ছাত্রীরা উত্ত্যক্তের শিকার হচ্ছে। নতুনপাড়া এলাকার বাসিন্দা রণজিৎ দাস বলেন, ‘শহরে প্রায়ই বাসাবাড়ির পানির পাম্প, বিদ্যুতের বাতি, বৈদ্যুতিক তার, টেলিফোনের তার, কাপড়-চোপড় চুরির ঘটনা ঘটছে। ঘরের ভেতর থেকে মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যায়। শুরু হয়েছে ছিনতাই। এতে আমরা উদ্বিগ্ন।’ সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু বলেন, ‘শহরে হেরোইনসেবীদের উৎপাত ইদানীং বেড়েছে। এর ফলে উঠতি বয়সীরা জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কাজে। পুলিশকে আরও তৎপর হতে হবে। এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার।’সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। মাদকসেবীদের গ্রেপ্তার করা হচ্ছে। এখন আর শহরে আগের মতো মাদবসেবীদের উৎপাত নেই।’