সুনামগঞ্জে হোস্টেল থেকে শিক্ষিকার লাশ উদ্ধার, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) আবাসিক হোস্টেলের নিজ কক্ষ থেকে আজ শনিবার এক প্রশিক্ষণার্থী শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম অনামিকা দাস (২২)। পিটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে লাশটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো ছিল।অনামিকা ছাতক উপজেলার বাউশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ছাতক শহরের পেপার মিল আবাসিক এলাকার সুবল দাসের মেয়ে।এদিকে অনামিকার এই মৃত্যুর ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতা দাবি করে সকাল নয়টা থেকে পিটিআই ক্যাম্পাসে অন্য প্রশিক্ষণার্থী শিক্ষকেরা বিক্ষোভ করেন। তাঁরা মিছিল করে স্মারকলিপি দেওয়ার জন্য জেলা প্রশাসকের বাংলোয় যান। শিক্ষকেরা অভিযোগ করেন, এ সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এতে চারজন প্রশিক্ষণার্থী শিক্ষিকা আহত হন।আহত শিক্ষকেরা হলেন সুমন পাল, সিদ্দিকা বেগম, আবু নাসির ও জিয়াউর রহমান। সুনামগঞ্জ সদর হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।পিটিআই প্রশাসন সূত্র জানায়, শিক্ষিকাদের আবাসিক হোস্টেলের চতুর্থতলার ৪০২ কক্ষে অনামিকা, তাঁর ছোট বোন প্রশিক্ষণার্থী দীপিকা দাস ও হ্যাপি পাল একসঙ্গে থাকতেন। গতকাল শুক্রবার রাতে দীপিকা ও হ্যাপি বাড়িতে গিয়েছিলেন। আজ সকাল আটটায় পাশের কক্ষের শিক্ষার্থীরা অনামিকার ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় কক্ষের দরজা খোলা ছিল। বিষয়টি তাত্ক্ষণিক পিটিআইয়ের তত্ত্বাবধায়ককে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়।পিটিআইয়ের তত্ত্বাবধায়ক আবুল কাশেম জানান, প্রাথমিকভাবে পুলিশ এবং পিটিআই কর্তৃপক্ষ অনামিকা আত্মহত্যা করেছে—এমন ধারণা করলেও তাঁর কারণ সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। বিষয়টি পুলিশকে খতিয়ে দেখতে বলা হয়েছে।সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘বিক্ষোভকারীরা ডিসি সাহেবের বাংলোয় গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত পুলিশের সঙ্গে কিছু ধাক্কাধাক্কি হয়েছে বলে শুনেছি। লাঠিপেটা করে বিক্ষোভ থামানোর কোনো ঘটনা ঘটেনি।’