সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গতকাল শুক্রবার সিলেট শহরের আখালিয়া এলাকায় বিডিআরের সিলেট আঞ্চলিক সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এ তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ উপস্থাপন করেন মামলার বাদী ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আবদুল ওয়াহিদ। অভিযোগ আমলে নিয়ে আদালত আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেন।জানা গেছে, সুনামগঞ্জে বিডিআর বিদ্রোহের মামলায় জেলা কারাগারে বন্দী ১০ জন এবং গতকাল গ্রেপ্তার দেখানো চার জওয়ানসহ মোট ১৪ জন আসামিকে আজ শনিবার আদালতে হাজির করা হবে। আজ আদালতের কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে আটটায়।লিখিত অভিযোগে গত বছরের ২৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নে কীভাবে বিদ্রোহ শুরু হয়েছিল, তার বিশদ বর্ণনা দেওয়া হয়। বিদ্রোহের ঘটনায় ১৪ জন জড়িত উল্লেখ করে ডিএডি মো. আবদুল ওয়াহিদ বলেন, এ মামলায় সাক্ষীর সংখ্যা ২০।ডিএডি মো. আবদুল ওয়াহিদ আদালতে বলেন, গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিডিআরের কতিপয় উচ্ছৃঙ্খল সদস্য বর্বর ও ন্যক্কারজনক হত্যাযজ্ঞ চালান। এ সময় সুনামগঞ্জেও বিডিআরের কিছু সদস্য ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ অমান্য করে শৃঙ্খলা পরিপন্থী কাজ করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি লে. কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর বলেন, ‘পিলখানায় সংঘটিত বর্বরতা পৃথিবীর যেকোনো নৃশংসতাকেই হার মানায়। বিডিআরের সদস্যরা নিজ বাহিনীর সদস্যদেরই নৃশংসভাবে হত্যা করেছেন। এ যেন পুত্রের হাতে পিতার মৃত্যুর মতোই অস্বাভাবিক ও মর্মান্তিক।’বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম বিশেষ আদালতে সভাপতিত্ব করেন। আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।বেলা সাড়ে ১১টায় আদালত মুলতবির পর বিডিআরের সিলেট আঞ্চলিক সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান ৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর।