সুনামগঞ্জে ২৮১ প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ
বৃষ্টির দিনে ভবনটির ভেতরে বসে শিক্ষার্থীদের ক্লাস করা কঠিন। ছাদের পলেস্তারা খসে পড়েছে। ভবনের এদিক-সেদিক দিয়ে পানি পড়ে। শিক্ষার্থীরা এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে গিয়েও বইপত্র বাঁচাতে পারে না। বেশি বৃষ্টি হলে এক জায়গায় জড়ো হয়ে বসে থাকতে হয় তাদের। এ চিত্র সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ঝুঁকিপূর্ণ ভবনেই ঝুঁকি নিয়েই দুর্ভোগের ভেতর দিয়ে ক্লাস করছে তারা।শুধু সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনই নয়, সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় ২৮১টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ বা ব্যবহারের অনুপযোগী ভবন আছে ৯৭টি। এসব বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের একটি তালিকা করেছে।সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়টি ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের দুটি ভবন রয়েছে। একটি ১৯৬৮-৬৯ সালে নির্মিত হয়। অপরটি নির্মিত হয় ১৯৯২-৯৩ সালে। প্রথম ভবনটি আরও ১০ বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ওই ভবনের দেয়াল-মেঝেতে ফাটল ধরেছে। দেয়ালে-ছাদে ঘাস ও ছোট গাছপালা গজিয়েছে। অপর ভবনটি সিলেটের মৌরস আলী নামের একজন ঠিকাদার ১৯৯২-৯৩ সালে নির্মাণ করেন। এই ভবনের তিন কক্ষেই এখন দুই পর্বে ১৯১ জন ছাত্রছাত্রীর ক্লাস নেওয়া হয়। এই ভবন নির্মাণের ১০ বছর পরেই ছাদের কোথাও কোথাও ফাটল দেখা দেয় এবং বৃষ্টি এলে ছাদ চুইয়ে পানি পড়ে। গত পাঁচ বছর হয় ছাদের এমন অবস্থা হয়েছে—বৃষ্টি এলে কোথায় পানি পড়ে না, তা খুঁজে পাওয়া মুশকিল।পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সুইটি ছাদ দেখিয়ে ক্ষোভের সঙ্গে বলে, ‘বৃষ্টি আইলে যেখানে মেঘ পড়ে না, ইখানো এক অইয়া আমরা বইয়া থাকি, পরে বৃষ্টি ছাড়লে স্যারে ক্লাস করাইন।’ তৃতীয় শ্রেণীর ছাত্র প্রসেনজিৎ জরাজীর্ণ ভবনের কষ্টের কথা জানাতে গিয়ে বলে, ‘মেঘ আইলে আমরা শার্ট দিয়া বই পেঁচাইয়া বেঞ্চির নিচে নিয়া রাখি। বেশি বৃষ্টি অইলে নিচেও পানি জমে।’বিদ্যালয়ের শিক্ষিকা শিল্পী রানী সরকার বলেন, ‘দুটি ভবনের একটি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কায় অনেক আগে থেকেই ছাত্রছাত্রীদের ওই ভবনের দিকে যেতে বারণ করি। বিদ্যালয় শুরুর আগে বা আমরা আসার আগে যেসব শিশু বিদ্যালয়ে আসে, তাদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় আমাদের।’ সুনামগঞ্জ শহরতলির দেওয়ান আনোয়ার রাজা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনেরও একই অবস্থা। ওই বিদ্যালয়ের ২৮০ জন ছাত্রছাত্রীকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ক্লাস করানো হয়। বিদ্যালয়ের শিক্ষিকা তাহেরা খাতুন বলেন, ‘গত কয়েক বছর ধরেই এই ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পর নতুন একটি ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু ওই ভবনে যাওয়ার রাস্তা এখনো নির্মাণ হয়নি। তাই সেখানে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া যায় না।সুনামগঞ্জ এলজিইডি সূত্রে জানা যায়, সুনামগঞ্জে সরকারি-বেসরকারি ও কমিউনিটি মিলিয়ে মোট এক হাজার ৩৯৪ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি ৮৫৬টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ৪৫৯টি এবং ৭৯টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোর মধ্যে ২৮১টির ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আবার অধিক ঝুঁকিপূর্ণ ভবন আছে ৯৭টি।সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সাজেদা সুলতানা বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ করে এলজিইডি কর্তৃপক্ষ। তাঁদের পক্ষ থেকে যে তালিকা করা হয়েছে, সেটাই সঠিক। আমরা বিভিন্ন সময় ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে থাকি।’সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিপুল চন্দ্র বণিক বলেন, ‘আমরা জেলা প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর একটি তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। বরাদ্দ পাওয়া গেলে এই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে নতুন ভবন নির্মাণের কাজ হবে।’