সুনামগঞ্জে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ১৮ জনের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চাঞ্চল্যকর ‘ট্রিপল মার্ডার’ মামলার রায়ে আদালত ১৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে চারজন পলাতক। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুর রহীম আজ বুধবার এই রায় দেন।মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আবদুল হান্নান, সুফি মিয়া, বজলু মিয়া, মছলন্দর আলী, জবর আলী, জরি মোহাম্মদ, আবু লেইছ, আমিরুল, মিরাজ আাালী, নুর আবেদীন, কমর আলী, রইছ আলী ওরফে বাছা মেম্বার, আহম্মদ আলী, হারিছ আলী, ফরিদ মিয়া, আতিকুর রহমান, মতিয়ুর রহমান ও মোহন মিয়া। এর মধ্যে তালিকার শেষের চারজন পলাতক।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের সঙ্গে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী তেরাব আলী ও গিয়াস উদ্দিনের বিরোধ চলে আসছিল। একপর্যায়ে এলাকার আটপাড়া স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি (ভাইস চেয়ারম্যান) পদে সিরাজুল ইসলাম নির্বাচিত হলে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে ১৯৮৯ সালের ১৩ নভেম্বর বিকেলে চেয়ারম্যানের সমর্থক সুধীর বৈদ্য এবং রাজেন্দ্র বৈদ্যকে প্রতিপক্ষের লোকজন বালিকান্দি মোল্লারগাঁও এলাকায় সড়কের পাশে একটি দোকানের সামনে আক্রমণ করে। খবর পেয়ে চেয়ারম্যানের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি গুলি করে। গুলিতে আহত ফারুক আহমদ, আবদুল খালিক ও মজিবুর রহমান মারা যান। এ ঘটনায় চেয়ারম্যানের ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশের পরিদর্শক মনির আহমদ সব আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সুনামগঞ্জের সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম সলিম উল্লাহ মামলার রায়ে সব আসামিকে খালাস দিয়ে রায় দেন।খালাস আদেশের বিরুদ্ধে মামলার একজন সাক্ষী হাইকোর্টে রিভিশন দায়ের করেন। হাইকোর্টের বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া এবং মো. আতাউর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আইনজীবী খুরশীদ আলম খান রিভিশন করেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত রিভিশন মঞ্জুর করেন। হাইকোর্টের বেঞ্চ মামলার যুক্তিতর্ক শেষে রায় দেওয়ার জন্য মামলাটি পুনরায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করেন। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুর রহীম আজ বুধবার বিকেলে এ রায় দেন। মামলার আটজন আসামি ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং চারজন পলাতক। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন সুনামগঞ্জের অতিরিক্ত পিপি পীর ফজলুর রহমান মিসবাহ, শহীদুজ্জামান চৌধুরী, আখতারুজ্জামান সেলিম এবং আসামি পক্ষে ছিলেন জহুর আলী ও নেছার আলম।