সুনামগঞ্জ ৮ রাইফেল ব্যাটালিয়নের ১৪ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে আগামী ২৮ জুন অভিযোগ গঠন করা হবে। আসামিদের উপস্থিতিতে সিলেটের আখালিয়ায় বিডিআরের আঞ্চলিক সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩ আজ শনিবার এ দিন ধার্য করেন। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম বিশেষ আদালতে সভাপতিত্ব করেন। আদালতের অপর দুই বিচারক ছিলেন লে. কর্নেল মো. আখতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম। এ ছাড়া অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম। আদালত আগামী ২৮ জুন পর্যন্ত মুলতবি করা হয়। গতকাল শুক্রবার এই বিশেষ আদালতের কার্যক্রমের প্রথম দিনে মামলার বাদী ৮ রাইফেল ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক মো. আবদুল ওয়াহিদ তাঁর লিখিত অভিযোগ পেশ করেন। বাদী তাঁর অভিযোগে গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নে কীভাবে বিদ্রোহ শুরু হয়েছিল তার বিশদ বর্ণনা দেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামিদের আজ হাজির করার নির্দেশ দেন। এ মামলায় আজ ১৪ জন আসামিকেই আদালতে হাজির করা হয়েছিল। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ ব্যক্তি নিহত হন। তখন বেশ কয়েকটি স্থানের মতো সুনামগঞ্জে মোতায়েন কিছু বিডিআর জওয়ানও পিলখানার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন।