সুনামগঞ্জের মামলায় ১৪ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় ১৪ জন আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের চার মাস থেকে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে বিডিআর আইন অনুযায়ী সর্বোচ্চ ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।বিডিআরের সিলেট সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এর সভাপতি ও বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম গতকাল সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। সিলেট অঞ্চলে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় এটি প্রথম রায়।দণ্ড পাওয়া জওয়ানদের মধ্যে ৮ রাইফেল ব্যাটালিয়নের নায়েব সুবেদার আবুল হোসেনকে সর্বোচ্চ ছয় বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। নায়েক মো. হারুন অর রশিদকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। চার বছর করে সাজা পেয়েছেন ল্যান্স নায়েক আবদুর রহিম ও সিপাহি মো. মনিরুজ্জামান। তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে ল্যান্স নায়েক বিপ্লব কুমার পণ্ডিত, হাবিলদার মো. মনিরুজ্জামান ও হাবিলদার মো. আবদুল জলিলকে। আড়াই বছর করে কারাদণ্ড পেয়েছেন সুবেদার মেজর গৌরাঙ্গ চন্দ্র দাস ও হাবিলদার মো. বদিউল আলম। দুই বছরের সাজা পেয়েছেন ল্যান্স নায়েক হিরো উল্লাহ খান। এ ছাড়া ল্যান্স নায়েক মো. ওমর ফারুককে দেড় বছর, নায়েক সহকারী মো. আবদুল ওয়াহিদকে এক বছর, সিপাহি সুমন মারমা ও সিপাহি মো. তরিকুল ইসলামকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।দুপুর ১২টায় এজলাসে বসেন বিশেষ আদালতের সভাপতি মেজর জেনারেল রফিকুল ইসলাম। তিনি আসামিদের উপস্থিতিতে প্রায় ৩০ মিনিটব্যাপী রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনি বলেন, ‘আসামিদের মধ্যে মুক্তিযোদ্ধাও রয়েছেন। বিষয়টি বিবেচনা করে এবং অনেকের পারিবারিক অবস্থা পর্যবেক্ষণে রেখে এ রায় দেওয়া হয়েছে।’দণ্ড পাওয়া জওয়ানদের আদালত থেকে সরাসরি সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়। এ সময় আদালত এলাকায় উপস্থিত তাঁদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে দেখা যায় সাজা পাওয়া কয়েকজনকে। দণ্ড পাওয়া বিডিআর সদস্যদের পিকআপ ভ্যানে তোলার সময় তাঁদের অনেকে উচ্চ স্বরে বলেন, ‘আমাদের সঙ্গে বেঈমানি করা হয়েছে। আমরা টাকার গোলামি করি না। আমাদের টাকা নেই!’রায় ঘোষণার পর সংবাদ ব্রিফিংয়ে মামলার কৌঁসুলি ও ৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর বলেন, ‘পিলখানায় বিদ্রোহ ইতিহাসের একটি বর্বর ঘটনা। এ ঘটনার পরদিন ২৬ ফেব্রুয়ারি কারাদণ্ড পাওয়া ওই জওয়ানদের নেতৃত্বে সুনামগঞ্জে বিদ্রোহের চেষ্টা করা হয়। এ রায়ের মধ্য দিয়ে ৮ রাইফেল ব্যাটালিয়ন কলঙ্কমুক্ত হলো।’বিশেষ আদালত সূত্র জানায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিদ্রোহের ঘটনার পরদিন সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নে কয়েকজন জওয়ান বিদ্রোহ করেন। এ ঘটনায় করা মামলার বিচারে গত ২ এপ্রিল সিলেট নগরের আখালিয়া এলাকায় বিডিআর সদর দপ্তরে বিশেষ আদালত-৩ গঠন করা হয়। এ দিনই ৮ রাইফেল ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আবদুল ওয়াহিদ বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ আদালতে উপস্থাপন করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেন। গত ২৮ জুন ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করা হয়। ২৯ জুন মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক সম্পন্ন হয়। ওই দিন রায় ঘোষণার তারিখ ২ আগস্ট ধার্য করা হয়।