সুনামগঞ্জের মৎস্য অবতরণ কেন্দ্রটি ১৮ বছর ধরে বন্ধ
হাওরাঞ্চলের মাছ ব্যবসায়ী ও জেলেদের সুবিধার্থে সুনামগঞ্জে ১৯৮৮ সালে একটি মৎস্য অবতরণকেন্দ্র গড়ে তোলা হয়েছিল। মাত্র চার বছর চলার পর এটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। গত দেড় যুগ ধরে কেন্দ্রটি বন্ধ থাকায় এখানে সরকারের প্রায় সাত কোটি টাকার সম্পদ অযত্ন-অবহেলায় পড়ে আছে। অথচ স্থানীয় লোকজন মনে করেন, আবার এটি চালু করা হলে জেলার মৎস্য ব্যবসায়ীরা লাভবান হবেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ এলাকার মহাসিং নদীর তীরে ডাবর নামক স্থানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের উদ্যোগে ‘ডাবর মৎস্য অবতরণকেন্দ্র’ প্রতিষ্ঠা করা হয়। জমি, অবকাঠামো ও নানা যন্ত্রপাতিসহ প্রতিষ্ঠানটি চালু করতে ব্যয় হয় সাত কোটি টাকা। তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন। মৎস্য উন্নয়ন করপোরেশনের একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে এটি করা হয়েছিল। মৎস্য অবতরণকেন্দ্রটি চলে ১৯৯২ সাল পর্যন্ত। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এটি বন্ধ হয়ে যায়।সরেজমিনে দেখা গেছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ২৪ কিলোমিটারের মাথায় এটি অবস্থিত। মহাসিং নদীর তীরে যেখানে কেন্দ্রটি রয়েছে, সেখানে একসময় সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর এলাকার ফেরি ছিল। তাই কেন্দ্রটির নাম ডাবর নামেই হয়। এখন সেখানে সেতু হয়ে যাওয়ায় লোকজনের আনাগোনা নেই বললেই চলে। কেন্দ্রের পুরো এলাকাই যেন একটি পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে।আড়াই একর জমির ওপর নির্মিত এই কেন্দ্রে মাছ প্রক্রিয়াকরণের জন্য একটি বড় দোতলা ভবন, একটি দোতলা অফিস ভবন, তিনটি দোতলা আবাসিক ভবন, একটি গুদামঘর, বরফকলের ভবন এবং নিরাপত্তাকর্মীদের থাকার একটি ভবন রয়েছে। এসব ভবনের একটি কেন্দ্রে থাকা একমাত্র নিরাপত্তাকর্মী আছদ্দর আলী থাকেন। অন্য ভবনগুলোয় কেউ থাকে না। অফিস ভবনসহ অন্য যে ভবনগুলো ব্যবহার করা হয় না, সেগুলোর দরজা-জানালা ভেঙে যাচ্ছে। গুদামঘরটি নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার পর সব যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। একা থাকায় আছদ্দর আলী গুদামঘরে এলাকার একটি রিকশাচালকের পরিবারকে জায়গা দিয়েছেন।আছদ্দর আলী জানান, শুরু থেকেই তিনি এখানে আছেন। প্রথমে কেন্দ্রে ২০ জনের লোকবল ছিল। একপর্যায়ে এটিকে লোকসানি প্রতিষ্ঠান দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়। মাছ প্রক্রিয়াকরণ বন্ধ হওয়ার পরও বরফকলটি চালু ছিল। এক বছর পর সেটিও বন্ধ করে দেওয়া হয়। পরে এখান থেকে সব লোকবল সরিয়ে নেওয়া হয়। প্রায় দেড় যুগ ধরে তিনি একাই এখানে আছেন।কেন্দ্রের পার্শ্ববর্তী পাগলা এলাকার মাছ ব্যবসায়ী সিজ্জিল মিয়া জানান, যে কয়েক বছর কেন্দ্রটি চালু ছিল, তখন পুরো এলাকাই লোকে জমজমাট থাকত। এটি কী কারণে বন্ধ হয়েছিল, এলাকার মানুষ কিছুই জানে না। এটি আবার চালু করা হলে সুনামগঞ্জের মাছের ব্যবসায়ীরা লাভবান হতেন। কারণ সুনামগঞ্জে মাছ প্রক্রিয়াকরণের সরকারি কোনো কেন্দ্র নেই। আরেক ব্যবসায়ী হারিছ উদ্দিন জানান, এভাবে দালানঘর আর সম্পত্তি ফেলে রেখে নষ্ট করার চেয়ে এখানে সরকার কোনো কিছু করার উদ্যোগ নিতে পারে। শুধুু এতগুলো ভবন অলস পড়ে আছে।জেলা মৎস্য বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ সুলতান আহমদ জানান, তাঁদের সঙ্গে এ প্রতিষ্ঠানটির কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে এটি বন্ধ হয়ে থাকায় এ সম্পর্কে বিস্তারিত তথ্যও তাঁদের কাছে নেই। তিনি মনে করেন, যেহেতু সুনামগঞ্জ হাওরের জেলা, তাই এখানে এ প্রতিষ্ঠানটির দরকার আছে। এটি থাকলে মৎস্য ব্যবসায়ীরা উপকৃত হতেন।দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, সুনামগঞ্জে কোনো হিমাগার না থাকার কারণে প্রতিবছর অনেক সবজি নষ্ট হয়। সরকার ইচ্ছে করলে সহজেই এটাকে হিমাগারে রূপান্তর করতে পারে। শুধু সরকারের কয়েক কোটি টাকার সম্পদ পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। কোনো উদ্যোগ নেই, এটাকে কাজে লাগানোর।বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রশীদ খান জানান, কেন্দ্রটির স্থান নির্ধারণে ভুল ছিল। এটি তখন রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই তড়িঘরি করে করা হয়। যাদের জন্য এটি করা হয়েছিল, তারা সেটি বুঝতেই পারেনি। এখন কেন্দ্রটি বেসরকারিকরণ কর্তৃপক্ষের (প্রাইভেটাইজেশন বোর্ড) কাছে ন্যস্ত আছে। মাহবুবুর রশীদ খান বলেন, ‘আমার জানা মতে, ডাবর মৎস্য অবতরণকেন্দ্রটি সরকারের মাধ্যমে বিক্রির একটি প্রক্রিয়া চলছে। এমনিতেই বহুদিন থেকে সরকারের কয়েক কোটি টাকার সম্পত্তি পড়ে আছে।’