সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ সময় শেষ হলেও কাজ শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওরে বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণকাজের সময় শেষ হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। কিন্তু বাঁধের কাজ এখনো শেষ হয়নি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দাবি, গড়ে ৭০ শতাংশ কাজ হয়েছে। তবে হাওরপাড়ের কৃষক ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাত্র ৪০ থেকে ৫০ শতাংশ কাজ হয়েছে। এ অবস্থায় আবারও ফসল হারানোর আশঙ্কা করছেন কৃষকেরা।গত শনিবার হাওরের বাঁধ নির্মাণবিষয়ক জেলা কমিটির সভায় কমিটির সভাপতি ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান যত দ্রুত সম্ভব সব হাওরে বাঁধের কাজ শেষ করতে সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঠিকাদারি পদ্ধতিতে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে প্রতিবছর অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। গত বছর হাওরে ব্যাপক ফসলহানির ঘটনায় বাঁধ নির্মাণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে পাউবো চলতি বছর থেকে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নেয়। পিআইসির নীতিমালা অনুযায়ী, বাঁধের কাজ শুরু হওয়ার কথা ছিল গত ১৫ জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১০ নভেম্বর সুনামগঞ্জের তাহিরপুরে এক কৃষক সমাবেশে যথাসময়ে বাঁধের কাজ শুরু ও শেষ হবে বলে আশ্বাস দেন। কিন্তু প্রধানমন্ত্রীর আশ্বাস ও পিআইসির নীতিমালা কোনোটিই রক্ষা হয়নি। বাঁধের কাজ শুরু হয় দেরিতে।সুনামগঞ্জ পাউবো সূত্র জানায়, পাউবো প্রতিবছর জেলার ৩৭টি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ করে। এ জন্য গত অর্থবছরে বরাদ্দ ছিল ১৭ কোটি ১০ লাখ টাকা। এবার এ পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে ২০ কোটি ৫০ লাখ টাকা। এই টাকা দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও সাংসদের প্রতিনিধিদের নিয়ে পিআইসি গঠনের মাধ্যমে কাজ করার কথা; কিন্তু সে অনুযায়ী কাজ হচ্ছে না।অভিযোগ আছে, স্থানীয়ভাবে এসব পিআইসিতে ক্ষমতাসীন দল ও সাংসদদের পছন্দের লোক থাকায় তাঁরা কাজ করছেন ইচ্ছামতো। পাউবো তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। আবার পিআইসি পদ্ধতিতে বাঁধ নির্মাণে পাউবো সহযোগিতা করছে না বলেও অভিযোগ রয়েছে।পাউবোর হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে ৩৭টি হাওরের মধ্যে নয়টি হাওরে ৪০ শতাংশ, দুইটি হাওরে ৫০ শতাংশ, ২২টি হাওরে ৬০ শতাংশ, দুইটি হাওরে ৭০ শতাংশ এবং দুইটি হাওরে ৮০ শতাংশ কাজ হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার খরচার হাওরের ফসল রক্ষার জন্য বাঁধ দেওয়া হয় সদরের সোনাপুর গ্রামের পাশের গজারিয়া খালে। কিন্তু বাঁধটির কাজ ৫০ শতাংশও হয়নি। ওই বাঁধের ওপর বিশ্বম্ভরপুর উপজেলার আঙ্গারুলি হাওরের ফসলও নির্ভরশীল। গত রোববার সকালে গিয়ে দেখা গেছে, কিছু শ্রমিক বাঁধে বালু ফেলছেন। শ্রমিকেরা জানান, পুরো বাঁধের কাজ শেষ হতে আরও এক মাস সময় লাগবে।পার্শ্ববর্তী ভাদেরটেক গ্রামের কৃষক আবদুল আউয়াল (৫৫) বলেন, এমনিতেই কাজ শুরু হয়েছে দেরিতে। তার ওপর কাজ হচ্ছে ধীরগতিতে। বৃষ্টি শুরু হলে সমস্যা হবে।হরিমনের বাঁধের পিআইসির সভাপতি ও ফতেহপুর ইউপি সদস্য আবদুস সালাম বলেন, ‘আমার কাজ শেষ করতে আরও এক সপ্তাহ লাগবে। কিন্তু হাওরের আফরে (বাঁধের পাশের অংশ) মাটি না ফেললে ঝুঁকি থেকে যাবে। এ জন্য কোনো বরাদ্দ আসেনি।’পার্শ্ববর্তী রাধানগর গ্রামের কৃষক সতীশ চন্দ্র ও আবদুল মালেক বলেন, ‘গতবার ফসল গেছে। এবার অনেক কষ্ট করে ফসল লাগিয়েছি। কিন্তু বাঁধের কাজ শেষ না হওয়ায় দুশ্চিন্তায় আছি।’একইভাবে তাহিরপুরের ধানের সবচেয়ে বড় হাওর হিসেবে পরিচিত শনির হাওরের আহম্মকখালী বাঁধের কাজ এখনো অর্ধেকও হয়নি। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক জানান, তাঁর উপজেলায় ২৩টি হাওর আছে। এখন পর্যন্ত বাঁধের কাজ হয়েছে ৪০ থেকে ৫০ শতাংশ।জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তাদীর আহমদ বলেন, ‘আমি উপজেলার সব হাওরে ঘুরে বাঁধের কাজ দেখেছি। কোথাও ৫০ শতাংশের ওপরে কাজ হয়েছে বলা যাবে না।’জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘পিআইসি পদ্ধতি চালু হওয়ায় পাউবো খুশি হতে পারেনি। তারা এই পদ্ধতিকে অজনপ্রিয় করতে কাজে গাফিলতি করছে। কাজে সমন্বয়ের অভাব আছে। বিষয়টি আমি পাউবোর মহাপরিচালককে জানিয়েছি।’এ ব্যাপারে সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল বলেন, ‘এ পর্যন্ত জেলায় হাওর রক্ষা বাঁধের কাজ গড়ে ৭০ শতাংশ হয়েছে। ১৫ মার্চের মধ্যে কাজ শেষ করতে পারব বলে আশা করি।’সময়মতো কাজ শেষ না হওয়া ও গাফিলতির অভিযোগ প্রসঙ্গে পাউবোর কর্মকর্তা বলেন, সাংসদেরা পিআইসির তালিকা দিয়েছেন দেরিতে। এবার হাওরের পানি নেমেছে ধীরে। পানি না কমলে মাটি পাওয়া যায় না। তাই সময়মতো কাজ শেষ করা যায়নি। গাফিলতির অভিযোগ সঠিক নয়।