সুনামি সতর্কতা প্রদানে ব্যর্থতায় চিলির সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক সুনামি সংকেত দিতে ব্যর্থ হওয়ায় চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাসেলেটের বিরুদ্ধে মামলা হয়েছে। দেশটির একটি আদালত তাঁর বিরুদ্ধে এ-সংক্রান্ত মামলা পরিচালনার অনুমতি দিয়েছেন। গত বছরের ২৭ ফেব্রুয়ারি চিলিতে প্রথমে আট দশমিক আট মাত্রার ভূমিকম্প এবং পরে সুনামি হয়। ওই সুনামিতে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়। অভিযোগ রয়েছে, সে সময় মিশেল ব্যাসেলেটের সরকার সঠিক সুনামি সংকেত দিতে ব্যর্থ হওয়ায় এ প্রাণহানির ঘটনা ঘটেছে। সরকার প্রাথমিক সংকেত প্রত্যাহারের পরপরই চিলিতে সুনামি আঘাত হানে। গত বছরের সুনামিতে ক্ষতিগ্রস্তদের পক্ষে আইনজীবী রাউল মেজা রড্রিগেজ মামলাটি আদালতে উপস্থাপন করেন। সঠিক সুনামি সংকেত দিতে ব্যর্থ হওয়ায় চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাসেলেটসহ তাঁর সরকারের কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে। মিশেল ব্যাসেলেট ছাড়াও এই মামলায় অপর অভিযুক্তরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডমন্ডো পেরেজ, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফ্রান্সিসকো ভিদাল, সাবেক উপস্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিয়া রোজেনদে এবং দেশটির জাতীয় জরুরি অবস্থাসংক্রান্ত দপ্তরের সাবেক প্রধান কারম্যান ফার্নান্দেজ।আইনজীবী রাউল মেজা রড্রিগেজ মামলার অভিযোগনামায় উল্লেখ করেছেন, ‘সুনামি সতর্কতা সংকেত প্রত্যাহারের ব্যাপারে প্রেসিডেন্ট ও অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের মৌলিক কৌশলগত জ্ঞান ছিল না। সাবেক প্রেসিডেন্ট যোগ্য না হয়েও ওই সিদ্ধান্ত নিয়েছিলেন।’মিশেল ব্যাসেলেট বর্তমানে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিবিসি।